logo
Advertisement

কবি আল মুজাহিদী মারা গেছেন

এশিয়া পোস্ট নিউজ
কবি আল মুজাহিদী মারা গেছেন
কবি আল মুজাহিদী। ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি এবং মুক্তিযোদ্ধা আল মুজাহিদী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)

Advertisement

শুক্রবার (১৯ জুন) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

প্রায় এক বছর আগে চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকেই এই কবি শয্যাশায়ী ছিলেন। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা ও হৃদরোগে তিনি দীর্ঘদিন ধরেই ভুগছিলেন।

কবিতা, উপন্যাস ও শিশুসাহিত্যে আল মুজাহিদীর অবদান অপরিসীম। ‘হেমলকের পেয়ালা’, ‘ধ্রুপদ ও টেরাকোটা’ এবং ‘যুদ্ধ নাস্তি’-র মতো কালজয়ী কাব্যগ্রন্থের রচয়িতা তিনি। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদকসহ দেশি-বিদেশি বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।

আল মুজাহিদীর প্রথম জানাযা আজ শুক্রবার বাদ এশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার (২০ জুন) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় এবং বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তৃতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

এর আগে বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন। সবশেষ মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে কবিকে দাফন করা হবে।