‘রাজনৈতিক সদিচ্ছা থাকলে বিদেশে হাত পাততে হতো না’

দেশে কর আদায়ে রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিত করা গেলে উন্নয়নের জন্য বিদেশের ওপর নির্ভর করতে হতো না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। তিনি বলেন, আইন অনুযায়ী সবার কাছ থেকে কর আদায় করা গেলে দেশের উন্নয়নের জন্য বিদেশে হাত পাততে হতো না।
সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
বদিউর রহমান বলেন, ওয়ান ইলেভেন সরকারের সময় অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেওয়া হলে আমি নীতিগতভাবে এর সঙ্গে একমত ছিলাম না। তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান ১২টি বাজেট উপস্থাপন করলেও নিজের বড় অঙ্কের কর পরিশোধ করেননি।
তিনি বলেন, শুধু অর্থমন্ত্রী নন, তৎকালীন প্রধানমন্ত্রী এবং ব্যারিস্টার মওদুদ আহমেদও অপ্রদর্শিত অর্থের ওপর কর পরিশোধ করেছিলেন।
এনবিআরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে যাদের তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন, তাদের অনেকের কর ফাঁকি ও সম্পদ গোপনের চিত্র দেখেছেন। তার ভাষ্য, প্রকাশ্যে নীতির কথা বললেও পর্দার আড়ালে অনেক প্রভাবশালী ব্যক্তি বিপুল সম্পদ গড়ে তুলতেন এবং কর ফাঁকি দিতেন।
এনবিআরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় বড় বড় ব্যারিস্টার ও চিকিৎসকদের ক্ষেত্রেও কঠোরভাবে কর আদায়ের উদ্যোগ নিয়েছিলেন বলে জানান তিনি। তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া উচ্চপদস্থ ব্যক্তিদের কর ফাঁকি বন্ধ করা সম্ভব নয়। সঠিক তদারকি ও আইনের শাসন নিশ্চিত করা গেলে দেশের অভ্যন্তরীণ রাজস্ব দিয়েই রাষ্ট্রের বাজেট বাস্তবায়ন করা সম্ভব।





