বিমানবন্দর থেকেই ফিরে গেলেন সিলেটের নতুন ডিসি

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মু. রেজা হাসানের যোগদান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সিলেটে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ঢাকার হযরত শাহজালাল (র.) বিমানবন্দর থেকে ফিরে গেছেন তিনি।
জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রেজা হাসানকে সিলেটে না যেয়ে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ঢাকায় থাকতে বলা হয়েছে। ফলে একবারে শেষ মুহূর্তে এসে রেজা হাসানের সিলেটে যোগদান নিয়ে জটিলা দেখা দিয়েছে।
এ বিষয়ে মু. রেজা হাসান এশিয়া পোস্টকে বলেন, জনপ্রশাসনমন্ত্রী আমাকে আপাতত মন্ত্রণালয়ে স্টে করার জন্য বলেছেন। পরবর্তীতে নির্দেশনা দিলে তখন জয়েন করার কথা জানিয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুন জারি করা এক প্রজ্ঞাপনে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তারকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে বুধবার দুপুরের ফ্লাইটে মু. রেজা হাসানের সিলেটে পৌঁছানোর কথা ছিল। বিষয়টি আগে থেকেই সিলেট জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের জানানো হয়েছিল। নতুন ডিসিকে বরণ করে নেওয়া এবং দায়িত্ব গ্রহণের প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন ছিল। এমনকি সিলেটে পৌঁছে তিনি প্রথমে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন বলেও প্রস্তুতি নেওয়া হয়েছিল। অভ্যর্থনা জানাতে কর্মকর্তারা সিলেট বিমানবন্দরে উপস্থিত ছিলেন। কিন্তু ফ্লাইট ছাড়ার ঠিক আগে জনপ্রশাসন সচিবের ফোন পেয়ে তিনি বিমানবন্দর থেকেই মন্ত্রণালয়ে ফিরে যান। ফলে নির্ধারিত সময়ে তার সিলেটে যোগদান করা হয়নি।
এ ঘটনায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নানা আলোচনা শুরু হলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সিলেটে নতুন জেলা প্রশাসক নিয়োগ নিয়ে কোনো জটিলতা নেই। বরং সমস্যা তৈরি হয়েছে কুমিল্লার জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে।
প্রসঙ্গত, গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। এরপর ২৮ জুন মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে যোগদানের আগ মুহূর্তে তার যাত্রা স্থগিত হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।





