জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ

ঢাকার ধামরাইয়ে জমি লিখে না দেওয়ায় ৮০ বছর বয়সী বৃদ্ধ বাবা মো. মগর ফকিরকে মারধরের অভিযোগ উঠেছে তার ছেলে মনির ফকিরের (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ধামরাই থানায় ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার (১ জুলাই) রাতে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) শেখ মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৮ জুন সকালে উপজেলার কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃদ্ধ মগর ফকির ও তার স্ত্রী সারা জীবন কষ্ট করে ছেলে মনির ফকিরকে লালন-পালন ও লেখাপড়া করিয়ে বড় করেন। কিন্তু গত ১৫-১৬ বছর আগে মনির আলাদা সংসার শুরু করেন। এরপর থেকে তিনি বৃদ্ধ বাবা-মায়ের কোনো ভরণ-পোষণ, দেখাশোনা বা চিকিৎসার খরচ বহন করতেন না। উল্টো বাবার সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন।
ছেলের অত্যাচার থেকে বাঁচতে ইতিপূর্বে মগর ফকির তাকে ৩০ শতাংশ জমিও লিখে দেন। কিন্তু এতেও ক্ষান্ত হননি মনির। বাকি জমি ও বসতবাড়ি নিজের নামে লিখে নেওয়ার জন্য তিনি বৃদ্ধ বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা চালান এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ মারধর করতে থাকেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও ছেলে মনির কোনো সালিশ মানেননি এবং বাবা-মায়ের দায়িত্ব নেবেন না বলে সাফ জানিয়ে দেন।
সর্বশেষ গত ২৮ জুন সকাল আনুমানিক ১০টার দিকে মগর ফকির ও তার স্ত্রী নিজ বসতবাড়িতে অবস্থান করার সময় মনির আবারো জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য চাপ দেন। বাবা অস্বীকৃতি জানালে মনির তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে উঠানে ফেলে দেন। গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টাও করেন। এ সময় বৃদ্ধের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।
বুধবার দুপুরে সরেজমিনে বৃদ্ধের বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি শ্বাসকষ্টে ভুগছেন এবং খাটে আধশোয়া অবস্থায় আছেন। আর পাশেই মেঝেতে বসে ভাত হাতাচ্ছেন ওই বৃদ্ধের স্ত্রী। কী কারণে থানায় অভিযোগ করেছেন জানতে চাইলে দুজনেই চুপ করে থাকেন এবং তাদের চোখ দিয়ে পানি পড়তে দেখা যায়। ছেলে-মেয়ে কজন জানতে চাইলে ওই বৃদ্ধা নারী বলেন, আর আমার কোনো সন্তান নাই, থাকলে কি আর সকালের খাওন এই দুপুরে হাতাইতাম। পুলিশ আসছিল, আমাদের বংশের মুরুব্বিরা দায়িত্ব নিছে। পুলিশ কইছে আমাদের সাহায্য করবে।
অভিযুক্ত মনির ফকির বলেন, থানায় অভিযোগ হইছে সে বিষয়ে জেনে আপনি কী করবেন? পুলিশ আসছে, কথা হইছে। পারিবারিক বিষয় নিয়া ঝামেলা, ওটা আপনারা না জানাই ভালো।
ধামরাই থানার এসআই শেখ তারিকুল ইসলাম বলেন, জমিজমা নিয়ে তাদের মধ্যে প্রায়শই ঝামেলা হয়। আমি ওনাদের বাড়ি গিয়েছিলাম, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।




