সিলেটে খেলা দেখার সময় তর্কের জেরে যুবককে খুন

সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে তর্কের জেরে এক যুবককে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) মধ্যরাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলম আহমদ লামারগ্রামের ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।
অভিযুক্ত পারভেজ আহমদ একই গ্রামের মোস্তকিন আলীর ছেলে। তিনি নিহত যুবকের চাচাতো ভাই।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় উল্লাস করাকে কেন্দ্র করে পারভেজ আহমদ ও আলম আহমদের মধ্যে কথা-কাটাকাটি হয়। ক্ষিপ্ত হয়ে পারভেজ ছুরি দিয়ে আলমকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আলমকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পারভেজকে খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের তার নানাবাড়ি থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, খেলা দেখার সময় দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।





