ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী শ্যালিকা, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী শ্যালিকা, মাদ্রাসা সুপার গ্রেপ্তার
ধর্ষণের প্রতীকী চিত্র। স্বত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

বগুড়ার নন্দীগ্রামে শারীরিক প্রতিবন্ধী চাচাত শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাকী বিল্লাহ উপজেলার গছাইল দাখিল মাদ্রাসার সুপার।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বাকী বিল্লাহর চাচাত শ্যালিকা ভুক্তভোগী তরুণী শারীরিক প্রতিবন্ধী। গত ২১ জানুয়ারি বিকেলে চাচা শ্বশুরের বাড়িতে কেউ না থাকার সুযোগে বাকী বিল্লাহ তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

পরে তরুণীর শারীরিক পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, ওই তরুণী ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ২৫ জুন আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ১ জুলাই মামলাটি নন্দীগ্রাম থানায় নথিভুক্ত করা হয়। পরে রাতেই অভিযান চালিয়ে বাকী বিল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।