ভারতে রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের আন্দোলন

মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন ভারতের রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়েছে। বুধবার (২২ জুলাই) রাজধানী দিল্লি ছাড়াও বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পাটনা, সুরাট ও লখনউয়ের মতো ভারতের প্রধান প্রধান শহরগুলোতে একযোগে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি সামাল দিতে দিল্লি সরকারকে বেশ বেগ পোহাতে হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দল এবং আন্দোলনের মূল প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাদের সনঙ্গে আলোচনার মাধ্যমে সংঘাত প্রশমনের চেষ্টা চালাচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার।
দেশজুড়ে এই আন্দোলনের তীব্রতা বেড়ে যাওয়ার ঠিক আগের দিন ভারতের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের তোলপাড় তৈরি হয়। প্রশ্নপত্র ফাঁস রোধে ব্যর্থতা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের প্রতিবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে বসেন শীর্ষ বিরোধী নেতারা। সেখান থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে আটক করে পুলিশ। ওই অবস্থান কর্মসূচি থেকে নেতারা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া এই জাতীয় সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে বিরোধীদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালানো হলেও আন্দোলন থামার কোনো লক্ষণ নেই। দিল্লি থেকে শুরু করে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাদেশিক রাজধানীতে এখন তীব্র প্রতিবাদ চলছে। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও সার্বিক জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথের এই লড়াই অব্যাহত থাকবে।
.png)





