logo

ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে ঢামেকে সচেতনতা র‍্যালি

ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে ঢামেকে সচেতনতা র‍্যালি
ছবি : সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের উদ্যোগে এক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দেশের সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন ও পৌরসভা পর্যায়ে একযোগে পরিচালিত ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে র‍্যালিটির আয়োজন করা হয়।

র‍্যালিটি হাসপাতালের বাগান গেট থেকে শুরু হয়ে হাসপাতালের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বহির্বিভাগ (আউটডোর) এলাকায় গিয়ে শেষ হয়। এতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালের উপপরিচালক ডা. আশরাফুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি পরিচালক ডা. নুরজাহান আক্তার এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানরা।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ডেঙ্গু প্রতিরোধে জনগণকে আরও সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরে সচেতনতামূলক র‍্যালিটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম জনসচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।