logo

মন্ত্রীর বক্তব্যে বিভ্রান্তি, চেলসির গোলরক্ষক বানিয়ে জাইমার এআই ছবি প্রচার

মন্ত্রীর বক্তব্যে বিভ্রান্তি, চেলসির গোলরক্ষক বানিয়ে জাইমার এআই ছবি প্রচার

প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের চেলসির বয়সভিত্তিক ফুটবল দলে সুযোগ পাওয়া নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বক্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এরপর থেকে ফুটবল ক্লাবটির জার্সিতে জাইমা রহমানের বেশকিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দেখা গেছে, ছবিগুলো এআইর সহয়তায় তৈরি। 

প্রচারিত ছবিগুলোতে দেখা যায়, লন্ডনের পেশাদার ফুটবল ক্লাবটির বিভিন্ন রঙের জার্সি গায়ে খেলছেন জাইমা রহমান। পোস্টগুলোর ক্যাপশনে, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বরাতে বিভিন্ন দাবিতে ক্যাপশন দিতে দেখা গেছে। জাইমা রহমানের নামে পরিচালিত একটি ভুয়া প্রোফাইল থেকে দাবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “চেলসি নারী দলে ২০১০-২০২৫ সাল পর্যন্ত গোলকিপার ছিলেন তারেক রহমান কন্যা জাইমা রহমান।”

অন্যদিকে ছবিগুলো বিশ্বাস করে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে নেটিজেনদের অনেককে। একটি পোস্টে মতিউর রহমান নামে একজন মন্তব্য করেছেন, “মাশাআল্লাহ, ক্রীড়া জগতের বিস্ময় জাইমা রহমান, সত্যি বলছি—খেলাধুলায় পারদর্শী তা আমার জানা ছিল না।”

তবে প্রচারিত কয়েকটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কন্টেন্ট শনাক্তকরণ সাইটে আপলোড করে ছবিগুলো এআইর সহায়তায় তৈরি বলে জানা গেছে। যেমন—এই পোস্টে যুক্ত ছবিটি হাইভ মডারেশনে আপলোড করে এতে  ৯৯ শতাংশের বেশি এআইর উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে ‘ডিকোপি এআই’ নামে ভিন্ন একটি সাইটে ছবিটিতে ৫২ শতাংশ এআই বলে জানানো হয়েছে, যা নির্দেশ করে একই অবস্থানে ভিন্ন একটি ছবি এআইর সহায়তায় সম্পাদনা করে ছবিটি তৈরি করা হয়েছে। 

মন্ত্রীর বক্তব্যে বিভ্রান্তি

এর আগে, এক সাক্ষাৎকারে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দাবি করেন, জাইমা রহমান ইংল্যান্ডের ক্লাব চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন, তবে পরবর্তীতে সে সুযোগটি কাজে লাগানো সম্ভব হয়নি। ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘আমাদের জাইমা রহমান তিনি কিন্তু চেলসির মেয়েদের যে ফুটবল টিম তাতে তিনি সুযোগ পেয়েছিলেন এবং সেইসুযোগে তিনি কিন্তু একজন গোলকিপার হিসেবে ছিলেন। তিনি বেশ ভালো লম্বা এবং সে সুযোগটা পেয়েছিলেন।” সম্পূর্ণ বক্তব্যটি দেখুন এখানে। 

তবে বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার বক্তব্য  আংশিক ভুলভাবে উপস্থাপিত হয়েছে দাবি করে একটি বার্তা দেন প্রতিমন্ত্রী। এতে তিনি জানান, জাইমা রহমান লন্ডনে স্কুল পর্যায়ে পড়াশোনার সময় ফুটবল খেলতেন। সে সময় গোলরক্ষক হিসেবে তার পারফরম্যান্সের কারণে ইংলিশ ক্লাব চেলসির বয়সভিত্তিক দলে খেলার একটি সুযোগ তৈরি হয়েছিল।

অর্থাৎ, ফুটবল ক্লাব চেলসির জার্সিতে জাইমা রহমানের ছবি দাবিতে সামাজিক মাধ্যমে ছড়ানো ছবিগুলো ভুয়া এবং এআইর সহায়তায় তৈরি।