টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দাবিতে ফেসবুকে ভুয়া প্রচারণা

এশিয়া পোস্ট ডেস্ক
টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দাবিতে ফেসবুকে ভুয়া প্রচারণা
টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দাবিতে ফেসবুকে ভুয়া প্রচারণা। ছবি : সংগৃহীত

“যুক্তরাজ্যের ৫৯'তম নির্বাচিত প্রধানমন্ত্রী টিউলিপ রেজওয়ান সিদ্দিকী। বঙ্গবন্ধুর হাতে গড়া রাজনৈতিক দল বাংলাদেশ আ:লীগের একজন নগন্য কর্মী হিসেবে নিজেকে অনেক গর্বিত মনে করছি।” এ ধরনের ক্যাপশনে পতিত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

এ সম্পর্কিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

এর আগে, গত ২২ জুন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে দেওয়া বক্তব্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কিয়ার স্টারমার। পাশাপাশি ক্ষমতাসীন দল লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকেও সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি। তবে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব না নেওয়ায় এখন পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন কিয়ার স্টারমার।

যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী, যে রাজনৈতিক দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, সেই দলের নেতাই সাধারণত দেশের প্রধানমন্ত্রী হন। স্টারমারের পদত্যাগের পরও তার দল লেবার পার্টি পার্লামেন্টে বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।

তবে এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দ্য নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে জানানো হচ্ছে, লেবার পার্টির রাজনীতিবিদ অ্যান্ডি বার্নহ্যাম (Andy Burnham) এই মাসের শেষের দিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে আশা করা হচ্ছে। কিয়ার স্টারমারের পদত্যাগের পর তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। গত নয় বছর ধরে ম্যানচেস্টারের মেয়রের দায়িত্ব পালন করছিলেন তিনি। তবে সম্প্রতি পার্লামেন্টের উপনির্বাচনে একটি আসনে বড় ব্যবধানে জয়লাভ করে আলোচনায় সবচেয়ে এগিয়ে আছেন তিনি।

অন্যদিকে পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় স্টারমার বলেছিলেন, তিনি তাঁর দলকে নেতৃত্ব পরিবর্তনের জন্য সময়সূচি নির্ধারণ করতে বলবেন। নতুন নেতা নির্বাচনের জন্য ৯ জুলাই থেকে প্রার্থীদের মনোনয়ন গ্রহণ শুরু করার জন্য তিনি প্রস্তাব দেবেন। সে হিসেবে দলীয় প্রধান কিংবা প্রধানমন্ত্রী মনোনয়নের প্রক্রিয়াই এখনো পর্যন্ত শুরু হয়নি।

অর্থ্যাৎ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণার পর এখন পর্যন্ত সেখানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন কিংবা দায়িত্ব দেওয়ার সংবাদ পাওয়া যায়নি। সুতরাং, টিউলিপ সিদ্দীকি যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

বিষয় :asiapost