logo

‘অখণ্ড ভারত প্রতিষ্ঠায় ইরানের পতন ঘটাতে হবে’ মোদির নামে প্রচারিত ভিডিওটি ডিপফেক

‘অখণ্ড ভারত প্রতিষ্ঠায় ইরানের পতন ঘটাতে হবে’ মোদির নামে প্রচারিত ভিডিওটি ডিপফেক

‘গ্রেটার ইসরাইল এবং অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য ইরানের পতন ঘটাতে হবে, পুরো অঞ্চলে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ইরানকে জবাব দিতে হবে।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিন্দি ভাষায় এ ধরনের কথা বলছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

এ ধরনের কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। এতে তার বক্তব্যের অডিও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সম্পাদনা করে ডিপফেক ভিডিওটি বানানো হয়েছে।

প্রচারিত ৫৩ সেকেন্ডের ভিডিওটিতে হিন্দিতে মোদির বক্তব্য দাবিতে প্রচারিত বক্তব্যটি বাংলা করলে দাঁড়ায়, ‘কেউ আমাকে জিজ্ঞাসা করেছে যে ইরানের যুদ্ধে ভারত কোথায় দাঁড়িয়ে আছে? ভারতের ব্যাপারে কারোরও কোনো সন্দেহ হওয়া উচিত নয় যে আমরা ইসরায়েলের সঙ্গে দাঁড়িয়ে আছি। ইসরায়েল আর ভারতের লক্ষ্য একই। ইসরায়েলকে গ্রেটার ইসরায়েল বানাতে হবে আর ভারতকে ইউনাইটেড ইন্ডিয়া (অখণ্ড ভারত) বানাতে হবে। শুধু যদি ইরানের মতো আতঙ্কবাদী দেশ পতন হয়, তবেই ভারতকে পাকিস্তানকে হারানোর সুযোগ মিলবে। আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল আর শ্রীলঙ্কা কোনো যুদ্ধ ছাড়াই ইউনাইটেড ইন্ডিয়াতে (অখণ্ড ভারতে)  যোগদান করে যাবে। আমাদের প্রধান লক্ষ্য পাকিস্তান এবং এই লক্ষ্য ইরানের পতন ছাড়া পূর্ণ হতে পারবে না। ইরানকে তার আতঙ্কবাদের পরিণাম ভোগ করতে হবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং টুইটারে (বর্তমান এক্স) ব্যাপকভাবে প্রচার হয়েছে ভিডিওটি। দাবিটি বিশ্বাস করে পোস্ট গুলোতে প্রতিক্রিয়ার পাশাপাশি শতশত নেটিজেনকে ভিডিওটি শেয়ার করতে দেখা গেছে। 

তবে প্রচারিত ভিডিওটি ইনভিডে কী-ফ্রেম বিশ্লেষণ করে রিভার্স ইমেজ সার্চ করলে এনএক্সটি সামিট নামে একটি অনুষ্ঠানে দেওয়া মোদির বক্তব্যের ভিডিওর সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। সামিটের মূল ভিডিওটি ইউটিউবে এবং এক্সে পোস্ট করা হয়েছে। এতে তিনি বলেন, ‘আজকাল এলপিজি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কিছু লোক প্যানিক তৈরি করার চেষ্টা করছে, নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য। আমি এখন তাদের নিয়ে রাজনৈতিক মন্তব্য করতে চাই না। কিন্তু এটা বলবই যে, এভাবে করলে তারা জনগণের সামনে নিজেরাই এক্সপোজ হয়ে যাচ্ছে এবং দেশেরও বড় ক্ষতি করছে।’

এ ছাড়া সামিটের মূল ভিডিওতে মোদি,  বিকশিত ভারত, জ্বালানি স্বনির্ভরতা এবং তরল গ্যাস নিয়ে আতঙ্ক ছড়ানোর বিরুদ্ধে সতর্কতা নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি ইরান-ইজরায়েল-অখণ্ড ভারত বিষয়ে কোনো কথা বলেননি। প্রচারিত ভিডিওটির ভিজুয়াল (দৃশ্যমান) অংশটি এনএক্সটি সামিটের সঙ্গে মিলে যায়। তবে এর অডিও অংশটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সম্পাদনা করে তৈরি করা হয়েছে। 

এ ছাড়া সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় কিংবা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে দাবিটি প্রমাণিত হয় এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।