logo

৪ লক্ষাধিক চেচেন সেনা ইরানে পৌঁছেছে দাবিতে প্রচার, কাদিরভের বাহিনী কত বড়?

৪ লক্ষাধিক চেচেন সেনা ইরানে পৌঁছেছে দাবিতে প্রচার, কাদিরভের বাহিনী কত বড়?

‘ব্রেকিং নিউজ সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ইরানকে রক্ষা করার জন্য আজ সকালে ৪ লাখ ৩০ হাজারেরও বেশি রুশ চেচেন যোদ্ধা তেহরানে এসে পৌঁছেছেন। চেচেন কমান্ডাররা শপথ নিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরান আক্রমণ করার দুঃসাহস দেখায়, তবে তারা তাদের মোকাবেলা করবে।’ এ ধরনের দাবিতে বেশকিছু পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে। 

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। এমনকি চেচেন আর্মির মোট সংখ্যাও এতো বেশি নয়। 

যাচাইয়ে দেখা যায়, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র আদলে পরিচালিত ‘সিএমএন’ নামে একটি পেজ থেকে দাবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়। সিভিক মিডিয়া নিউজ বা সিএমএন নামে পেজটি পরিচালিত হয় আফ্রিকার দেশ নাইজেরিয়া থেকে। শনিবার (৪ এপ্রিল) ইংরেজিতে করা পোস্টটিতে দাবি করা হয়, আজ সকালে ৪ লাখ ৩০ হাজারের বেশি চেচেন সেনা ইরানকে সহায়তা করতে তেহরানে এসে পৌছেছে। এতে আরও দাবি করা হচ্ছে, ‘চেচেন কমান্ডাররা সর্তক করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরান আক্রমণ করার দুঃসাহস দেখায়, তবে তারা তাদের মোকাবিলা করবে।’

পোস্টের দাবিটি অপরিবর্তিত রেখে সেনা সংখ্যা কম-বেশি করে বাংলা ভাষায় বেশকিছু প্রোফাইল এবং গ্রুপে দাবিটি পোস্ট করতে দেখা গেছে। ফেসবুকে ‘প্রতিশ্রুতি’ নামে একটি প্রোফাইল থেকে দাবিটি পোস্ট করা হলে ১ হাজার ৩ শতাধিক প্রতিক্রিয়ার পাশাপাশি ২ শতাধিক বার শেয়ার হতে দেখা গেছে। এ ছাড়াও পোস্ট গুলোতে দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে নেটিজেনদের অনেককে। 

তবে এ সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে আর্ন্তজাতিক সংবাদ মাধ্যমগুলোতে দাবিটি প্রমাণিত হয় এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে ইরান সম্প্রতি দাবি করেছে, ‘যদি যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান শুরু করে, তাহলে চেচেন আর্মি ইরানি সেনাবাহিনীর সঙ্গে মিলে লড়াই করতে ইরানে যেতে প্রস্তুত। তারা এই সংঘাতকে ‘ধর্মীয় যুদ্ধ’ বা জিহাদ হিসেবে বর্ণনা করেছে।’ এ সম্পর্কিত সংবাদ দেখুন এখানে। তবে রাশিয়ান বা চেচেন অফিশিয়াল সোর্স থেকে এখনও কোনো সৈন্য মোতায়েনের নিশ্চিত খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, প্রচারিত পোস্টগুলোতে দাবি করা হচ্ছে,  ‘৪ লাখ ৩০ হাজারেরও বেশি রুশ চেচেন যোদ্ধা তেহরানে এসে পৌঁছেছেন।’ কিন্তু চেচেন সেনার সংখ্যা আসলে কত? এসম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেখা গেছে, রমজান কাদিরভের দাবি অনুযায়ী বাহীনিটিতে মোট সেনা সংখ্যা ৭০ হাজারের বেশি। তবে রাশিয়ার একটি স্বাধীন মিডিয়া আউটলেট ‘প্রোয়েক্ট’ এর একটি অনুসন্ধানের বরাতে ইউক্রেনের সাথে যুদ্ধ শুরুর পর সেনা সংখ্যা বৃদ্ধির খবর পাওয়া যায়। এতে জানানো হয়, যুদ্ধ শুরুর আগে তাতে ৭ টি ইউনিটে ৬ থেকে ৮ হাজার সেনা ছিল। তবে ২০২৪ সালের ডিসেম্বরে প্রকাশিত প্রতিবেদনে চেচেন সেনাদের ইউনিট ৭টি থেকে বেড়ে ২০টি করা হয়। ধারণা করা হয়, এতে কমবেশি ২৫ হাজারের মতো সেনা থাকতে পারে। এ সম্পর্কিত প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।

অর্থ্যাৎ,‘ইরানকে রক্ষা করার জন্য আজ সকালে ৪ লাখ ৩০ হাজারেরও বেশি রুশ চেচেন যোদ্ধা তেহরানে এসে পৌঁছেছেন।’ দাবিতে প্রচারিত পোস্ট গুলো সম্পূর্ণ ভুয়া। যে সংখ্যক চেচেন সেনা তেহরানে এসেছে দাবি করা হচ্ছে সে পরিমাণ সেনা থাকার দাবিও কখনো করেনি রমজান কাদিরভ।