সিলেটের ডিসি পদে সারওয়ার আলমকে পুনর্বহালের ভুয়া খবর প্রচার

আলোচিত ডিসি সারওয়ার আলমকে প্রধানমন্ত্রী সিলেটে পূর্ণবহালের নির্দেশ দিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। এর আগে গত ২১ জুন তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজারের তহবিল ব্যবস্থাপনা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ নেয়ার মধ্যেই প্রত্যাহার করা হয় তাকে।
প্রধানমন্ত্রী তাকে পূর্ণবহালের নির্দেশ দিয়েছেন দাবিতে প্রচারিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পেজ এবং গ্রুপে মূলধারার সংবাদমাধ্যমের ফটোকার্ড নকল করেও ছড়ানো হয়েছে। এরমধ্যে টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার সংবাদ ফটোকার্ড ধরন নকল করে তৈরি একটি ফটোকার্ড বিভিন্ন প্রোফাইল এবং গ্রুপে পোস্ট করতে দেখা গেছে।
অন্যদিকে ‘বাংলার পেইজ’ নামে নরসিংদী থেকে পরিচালিত একটি পেজে ভিন্ন একটি ফটোকার্ডসহ দাবিটি পোস্ট করা হয়েছে। পোস্টটি মাত্র কয়েক ঘন্টায় ১২ হাজারের কাছাকাছি প্রতিক্রিয়া আসতে দেখা গেছে।এছাড়াও পোস্টটিতে ২ হাজারের কাছাকাছি মন্তব্য এবং দেড় হাজারের বেশিবার শেয়ার করা হয়েছে।
মন্তব্যগুলো পর্যালোচনা করে দেখা গেছে, বেশিরভাগ নেটিজেনই দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানিয়েছেন সেখানে। যেমন : স্নেহা চাকমা নামে একজন মন্তব্য করেছেন, দুনীতি রোধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত, দুনীতিবাজদের সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হবে। অনিয়ম ও দুনীতির ক্ষেত্রে জিরো টলারেন্স। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে।
তবে দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত কোনো সংবাদ মাধ্যমে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। পাশাপাশি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার পেজ ও ওয়েবসাইটে সার্চ করেও এধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও সরোয়ার আলমের ভ্যারিফায়েড ফেসবুক প্রোফাইলেও পূর্ণবহাল সম্পর্কিত কোনো হালনাগাদ তথ্য পাওয়া যায়নি।
অর্থ্যাৎ, প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেটের জেলা প্রশাসক হিসেবে সারওয়ার আলমকে পুনর্বহালের যে দাবি করা হচ্ছে, তা ভুয়া।





