‘অবিলম্বে ফয়সালকে জিজ্ঞাসাবাদ বন্ধ করতে হবে’ এ ধরনের দাবি জানাননি জুমা

“আজকে ফয়সাল জামায়াতের নাম বলেছে, কাল ইনকিলাব মঞ্চ, পরশু হয়তো আমার নাম বলবে, এগুলো কোন তামাশা! অবিলম্বে ফয়সালকে জিজ্ঞাসাবাদ করা বন্ধ করতে হবে।” ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার মুখপাত্র ফাতেমা তাসনিম জুমা এমন দাবি জানিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে জানা গেছে, এটিভি নিউজ নামে একটি পেজ থেকে ফটোকার্ডটি সর্বপ্রথম পোস্ট করা হয়। ছবিটিতে জুমার বক্তব্য দাবি করে লেখা হয়েছে, “আজকে ফয়সাল জামায়াতের নাম বলেছে, কাল ইনকিলাব মঞ্চ, পরশু হয়তো আমার নাম বলবে, এগুলো কোন তামাশা! অবিলম্বে ফয়সালকে জিজ্ঞাসাবাদ করা বন্ধ করতে হবে।” ফটোকার্ডটির পাশাপাশি বিভিন্ন ডিজাইন ব্যবহার করে বিভিন্ন পেজ থেকে দাবিটি পোস্ট করা হয়েছে।
যাচাইয়ে দেখা গেছে, ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দাবিটি বিশ্বাস করে মন্তব্য করেছেন নেটিজেনদের অনেকেই। যেমন—‘রেডিও পদ্মা নিউজ’ নামে একটি ভ্যারিফাইড পেজ থেকে দাবিটি পোস্ট করা হলে সেখানে ৭ শতাধিক প্রতিক্রিয়ার পাশাপাশি দেড় শতাধিক মন্তব্য পড়েছে। সেখানে নাজমুল হক নামে একজন লিখেছেন, ‘কিসের ভয় যদি সত্য বলে দেয় তাহলে ফেঁসে যাবার ভয়।’ মির্জা জামাল উদ্দিন নামে একজন লিখেছেন, ‘কারণ তাতে তোমার নামটাও এসে যাবে সেটা হয়তো খুব বেশি দূরে নয়।’ অন্যদিকে এটিভি নিউজ নামের পেজের পোস্টটিতে অ্যাডভোকেট শামীম ইকবাল নামে ভিন্ন একজন মন্তব্য করেছেন, ‘তাহলে তারে কি করতে হবে,সেইটা একটু জানায়ে দেন। এখন কেন এত ভয় পাচ্ছেন আর ফয়সাল গ্রেপ্তা রের পর ইনকিলাব মঞ্চ কেন আনন্দ মিশিল করল না, একটু জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। নাকি কিছু বের হয়ে যাচ্ছে.....??’
অন্যদিকে, প্রচারিত পোস্টগুলোতে বক্তব্যটির কোনো ধরনের সূত্র জানানো হয়নি এবং এ সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে দাবিটির পক্ষে যায় এমন কোনো সংবাদ বা তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। এছাড়াও ইনকিলাব মঞ্চ এবং ফাতেমা তাসনিম জুমা প্রোফাইলে সার্চ করেও এ ধরনের কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। বরং ইনকিলাব মঞ্চ সম্প্রতি এক বিবৃতিতে ৬ দফা দাবি জানিয়েছে, যেখানে এ ধরনের কোনো দাবির অস্তিত্ব পাওয়া যায়নি।
অর্থাৎ, “আজকে ফয়সাল জামায়াতের নাম বলেছে, কাল ইনকিলাব মঞ্চ, পরশু হয়তো আমার নাম বলবে, এগুলো কোন তামাশা! অবিলম্বে ফয়সালকে জিজ্ঞাসাবাদ করা বন্ধ করতে হবে।” দাবিতে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার মুখপাত্র ফাতেমা তাসনিম জুমার নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। এ ধরনের কোনো বক্তব্য কিংবা দাবি জানায়নি জুমা।