নেতানিয়াহুর ভাষণে ৬ আঙুল দেখা যাওয়ার দাবিতে ভুয়া প্রচার

সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া নেতানিয়াহুর ভাষণের একটি ভিডিওকে এআই দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা দেখা গেছে। দাবি করা হচ্ছে, ‘ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সর্বশেষ প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে তার ৬টি আঙুল এবং অনেক গবেষক বলেছে এটা AI দিয়ে তৈরি (কৃত্রিম বুদ্ধিমত্তা)। কথা হলো নেতানিয়াহু কি বেঁচে আছে। নাকি পটল তুলছে।”
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি এবং প্রচারিত ভিডিওটি এআইর সহায়তায় তৈরি নয়।
ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, ‘নেতানিয়াহু আসলেই বেঁচে আছে? ছয়টি আঙুল এবং প্রযুক্তিগত ত্রুটি! নেতানিয়াহুর সর্বশেষ ভিডিও সন্দেহ সৃষ্টি করছে। এটি কি আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি? এবং তারা তার অবস্থান সম্পর্কে কী লুকাতে চাচ্ছে?’ এসব দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং টুইটারে বেশকিছু পোস্ট হতে দেখা গেছে। এসব পোস্টে দাবিটি বিশ্বাস করে মন্তব্য করেছেন নেটিজেনদের অনেকে।
প্রচারিত ভিডিওটি একাধিক এআই ভিডিও শনাক্তকরণ সাইটে আপলোড করে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি নয় বলে নিশ্চিত হওয়া গেছে। ‘হাইভমডারেশন’ এবং ‘এআই অর নট’ এই দুটি সাইটেই ভিডিওটি আসল হিসেবে জানা গেছে। এর মধ্যে হাইভমডারেশনে ভিডিওটি এআই হওয়ার সম্ভাবনা মাত্র ১০ শতাংশ বলে জানানো হয়েছে। অন্যদিকে ‘এআই অর নট’ ভিডিওটির কোনো অংশে এআই, ডিপফেক, অ্যানোমালি বা অসংগতি চিহ্নিত করতে পারেনি।
এছাড়াও, ইসরায়েলের সরকারি প্রেস অফিসের ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে বিষয়টি পরিষ্কার হয়। এতে ৩০.০০ সেকেন্ড থেকে ৫৮.০০ সেকেন্ডে তার ৫টি আঙুলই স্পষ্টভাবে দেখা যায়। ভিডিওটি দেখুন এখানে।
অন্যদিকে, এ সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মাধ্যমগুলোতে তার মৃত্যু সম্পর্কিত নিশ্চিত কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।
অর্থাৎ, জাতির উদ্দেশ্যে দেওয়া ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের ভিডিওটি এআইর সহায়তায় তৈরি, এতে তার হাতে ৬টি আঙুল দেখা গেছে এবং তার মৃত্যু সম্পর্কিত দাবিগুলো ভুয়া। যাচাইয়ে দাবিগুলোর সত্যতা মিলেনি।