শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের গুলিতে নিহতের মিথ্যা প্রচারণা

চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে গতকাল এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। চলমান আন্দোলনে পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
এরমধ্যে, জাতীয় দৈনিক প্রথম আলোর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে যেখানে দাবি করা হচ্ছে, ‘ফরিদপুরে আন্দোলনরত এইচএসসি ২৬ ব্যাচের উপর গুলি চালায় পুলিশ, এবং গুরুতর আহত হয় এক শিক্ষার্থী’। এ ছাড়াও রাজধানীর উত্তরায় এইচএসসি পরীক্ষার্থীদের গণজমায়েতে পুলিশের গুলিতে ১ এইচএসসি পরীক্ষার্থী নিহত দাবিতেও পোস্ট করা হয়েছে।
এ সম্পর্কিত আরও কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের গুলিতে আহত কিংবা নিহতের সংবাদের সত্যতা পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘এসএসসি ও এইচএসসি শেষ মুহূর্তের প্রস্তুতি’ নামে পরিচালিত একটি গ্রুপে পোস্ট করে দাবি করা হচ্ছে, ‘এইচএসসি ২০২৬ এর শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিতে এক যুবক নিহত!’ তবে এতে ঘটনার স্থান কিংবা নিহতের পরিচয় সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
অন্যদিকে ফরিদপুরে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের গুলিতে এক শিক্ষার্থী আহত হওয়ার দাবিটিরও সত্যতা পাওয়া যায়নি। এ সম্পর্কিত পোস্ট গুলোতে জাতীয় দৈনিক প্রথম আলোর ফটোকার্ড ধরন নকল করে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। যাচাইয়ে দেখা যায়, এতে আহত একজন শিক্ষার্থীতে স্ট্রেচারে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এমন ছবি ব্যবহার করে উপরের দিকে প্রথম আলোর লোগো ব্যবহার করা হয়েছে। এবং প্রকাশের তারিখ হিসেবে ১৪ জুলাই, ২০২৬ উল্লেখ করা হয়েছে।
ফটোকার্ডটিতে ব্যবহৃত পুলিশের গুলিতে আহত পরীক্ষার্থীর ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে সংবাদমাধ্যম নেত্র নিউজের ২০২৪ সালের একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, এটি সে বছরের ২১ জুলাই আন্দোলনের সময়ের ছবি। এতে দেখা যায় ফরিদপুর শিক্ষার্থী আহতের দাবিতে প্রচারতি ছবি এবং নেত্র নিউজের সে প্রতিবেদনের ছবি একই।
এ ছাড়াও, ফটোকার্ডটিতে প্রচারিত দাবি সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক প্রথম আলো কিংবা অন্য কোনো সংবাদমাধ্যমে এ সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। সার্চ করে সংবাদমাধ্যম গুলোতে উত্তরা, ফরিদপুরসহ দেশের বিভিন্নস্থানে শিক্ষার্থীদের আন্দোলনের সংবাদ পাওয়া গেলেও পুলিশের গুলি চালানো কিংবা এতে শিক্ষার্থীদের হতাহত হওয়ার খবরের সত্যতা মিলেনি।




