‘শিবির ভালো লাগায় ছাত্রদল থেকে বহিষ্কারেও আফসোস নেই’—এমন কথা বলেননি হামিম

“শুধু শিবিরকে ভালো লাগার কারণে যদি আমায় ছাত্রদল থেকে বহিষ্কার করে তাতেও আমার কোনো আফসোস নেই। আমি সর্বদা ইনসাফের পক্ষে।” ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের অব্যহতিপ্রাপ্ত আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম এমন প্রতিক্রিয়া জানিয়েছেন দাবিতে একাধিক ফটোকার্ড ছড়ানো হয়েছে। এসম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ফটোকার্ডে দেখা যায়, সাবেক ছাত্রদল নেতা হামিমের ছবি ব্যবহার করে উল্লিখিত দাবিটি ব্যবহার করা হয়েছে। জামায়াত এবং শিবির সংশ্লিষ্ট শতাধিক প্রোফাইল থেকে বিভিন্ন গ্রুপে পোস্ট করতে দেখা গেছে। একই দাবিতে বেশ কয়েকধরনের ফটোকার্ড সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে।
এদিকে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেশের সংবাদমাধ্যম গুলোতে দাবিটি প্রমাণিত হয় এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত প্রোফাইলে দাবিটির বিপরীতে বার্তা পোস্ট করেতে দেখা গেছে।
এই পোস্টে তিনি লিখেন, “ক্লাস ৬ ( ২০১২) থেকে কলেজ জীবন (২০১৭) পর্যন্ত কোনো পদ ছিল না, ছাত্রদলের রাজনীতি করেছি। ফেসবুক মারফত জানতে পারলাম, কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আমি এ দলের একজন কর্মী,এতোটুকু পরিচয়ই আমার জন্য প্রচন্ড গর্বের, আলহামদুলিল্লাহ।’’
অর্থ্যাৎ,“শুধুমাত্র শিবিরকে ভালো লাগার কারণে যদি আমায় ছাত্রদল থেকে বহিষ্কারও করে তাতেও আমার কোনো আফসোস নেই।” দাবি করে অব্যহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা হামিমের নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। এধরনের কোনো মন্তব্য করেননি তিনি।