logo

ভোক্তা-অধিকার কর্মকর্তার নামে ভুয়া ফটোকার্ড প্রচার

ভোক্তা-অধিকার কর্মকর্তার নামে ভুয়া ফটোকার্ড প্রচার

‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বাধীনভাবে, অবৈধ ব্যবসায়ীদের ব্যাপারে অ্যাকশন নিতে পেরেছি। কিন্তু এখন আর পারছি না’ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল এমন অভিযোগ করেছেন দাবি করে বেশকিছু ফটোকার্ড এবং পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। 

এ সম্পর্কিত দুটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দেখা গেছে দাবিটি সত্য নয়। এ ধরনের কোনো মন্তব্য করেননি তিনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে একই দাবিতে একাধিক ধরনের ফটোকার্ড পোস্ট করতে দেখা গেছে। এছাড়াও বিভিন্ন প্রোফাইল থেকে ছবি ছাড়া শুধু লেখাটি পোস্ট করতেও দেখা গেছে। ফেসবুকে পোস্টগুলোতে মন্তব্য, প্রতিক্রিয়া এবং শত শতবার শেয়ার করতে দেখা গেছে নেটিজেনদের। 

তবে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে সংবাদমাধ্যমগুলোতে এ সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মৌলভীবাজারে অভিযান পরিচালনা করতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই পরিচালক। এ সম্পর্কিত সংবাদটি দেখুন এখানে। তবে ঘটনার পরবর্তী সময়ে তার অভিব্যক্তি প্রকাশ করলেও দুই সরকারের মধ্যে তুলনা করে কোনো বক্তব্য দেননি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও দাবিটির সঙ্গে সম্পর্কিত কী-ওয়ার্ড ধরে সার্চ করেও দাবিটির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।