‘যতদিন দেশ আছে ততোদিন আ.লীগ থাকবে’ রুমিন ফারহানার বক্তব্য দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া

‘৭৬ বছরের পুরোনো দল আওয়ামী লীগের হাত ধরেই জন্ম বাংলাদেশের, যতদিন দেশ আছে ততোদিন আ.লীগ থাকবে, মাথা উঁচু করেই থাকবে।’ বিএনপির সাবেক কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এমন মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে ‘দৈনিক প্রভাতকণ্ঠ’ নামে একটি পেজ থেকে ছবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়। ফটোকার্ডটিতে রুমিন ফারহানার ছবি ব্যবহার করে নিচের অংশে দাবিটি বসানো হয়েছে। এতে তারিখ হিসেবে ২৩ মার্চত, ২০২৬ উল্লেখ করা হলেও বক্তব্যটির কোনো ধরনের তথ্যসূত্র জানানো হয়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত সাড়ে ৪ হাজারের কাছাকাছি প্রতিক্রিয়ার পাশাপাশি ৪ শতাধিক শেয়ার হয়েছে।
এছাড়াও দাবিটি বিশ্বাস করে এর উপর ভিত্তি করে ‘দিলরুবা নিউজ পয়েন্ট’ নামে একটি পেজে ভিডিও বানাতেও দেখা গেছে। অন্যদিকে সংবাদপত্র অনুকরণে না করণ করা হলেও সার্চ করে ‘দৈনিক প্রভাতকণ্ঠ’ নামে কোনো সংবাদপত্রের অস্তিত্ব পাওয়া যায়নি। পেজটিতে প্রায়ই আওয়ামী লীগের পক্ষে যায় এমন ভুয়া ফটোকার্ড পোস্ট করতে দেখা যায়।
অন্যদিকে, প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে এ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়াও রুমিন ফারহানার ভ্যারিফাইড ফেসবুক প্রোফাইলে সার্চ করেও এ সম্পর্কিত কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।
অর্থাৎ, ‘৭৬ বছরের পুরোনো দল আওয়ামী লীগের হাত ধরেই জন্ম বাংলাদেশের, যতদিন দেশ আছে ততোদিন আ.লীগ থাকবে, মাথা উঁচু করেই থাকবে।’ বিএনপির সাবেক নেত্রী ও বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এমন মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। তার এ ধরনের মন্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি।