logo

বাসাবাড়িতে লাইট-ফ্যান ব্যবহার নিয়ে রুহুল কবির রিজভীর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

বাসাবাড়িতে লাইট-ফ্যান ব্যবহার নিয়ে রুহুল কবির রিজভীর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

‘বাসাবাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা’ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়োনো হয়েছে। 

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ফটোকার্ডটিতে রুহুল কবির রিজভীর ছবি ব্যবহার করে তার ওপরে আলোচিত বক্তব্যটি বসানো হয়েছে। এতে তার বক্তব্য দাবি করে লেখা হয়েছে, ‘বাসাবাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।’ সামাজিক যোগাযোগমাধ্যমে একই দাবিতে একাধিক ফটোকার্ড প্রচার করতে দেখা গেছে।

অন্যদিকে, প্রচারিত দাবিটি বিশ্বাস করে মন্তব্য করতে দেখা গেছে নেটিজেনদের অনেককে। যেমন—জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের নামে পরিচালিত একটি গ্রুপে দাবিটি পোস্ট করা হলে এতে সুজন মাহমুদ নামে একজন মন্তব্য করেছেন, ‘আওয়ামী লীগ যে ছাত্রলীগের কর্মীদেরকে যেভাবে ব্যবহার করেছিল একই কায়দায় ছাত্র দল যুবদল কর্মীদেরকে ব্যবহার করা হচ্ছে।’  আমিরুল ইসলাম নামে অন্য একজন প্রশ্ন করেছেন, ‘ছাত্রদল আর যুবদলকে কি এদেশের মানুষ বিদ্যুৎ ব্যবহারের ইজারা দিয়েছে?’

তবে দাবিটির সঙ্গে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে দাবিটি প্রমাণিত হয় এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। বরং বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেসবিজ্ঞপ্তিতে দাবিটি উদ্ভট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

অর্থ্যাৎ,‘বাসাবাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা’ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন ঘোষণা দিয়েছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। এ ধরনের কোনো বক্তব্য তিনি দেননি।