চট্টগ্রামে ৭ শিক্ষার্থী নিখোঁজ, ঢাকায় ১৪ নিহতের গুজব প্রচার

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের দ্বিতীয় দিনে পরীক্ষা শেষে ৬ দফা দাবিতে সচিবালয়ের দিকে পদযাত্রা ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তবে এরমধ্যে ঢাকায় ১৪ জন শিক্ষার্থী নিহত হওয়ার পাশাপাশি চট্টগ্রামে ৭ শিক্ষার্থী নিখোঁজ দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে।
এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে ১, ২, ৫, ৭, ৯ জন থেকে সর্বশেষ ১৪ জন নিহত হওয়ার দাবি প্রচার করা হচ্ছে। দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। তবে এশিয়া পোস্ট যাচাই করে মৃত্যুর ঘটনার সত্যতা পায়নি বরং কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই এসব মৃত্যুর দাবি প্রচার করা হচ্ছে।
ফেসবুকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন পেজ এবং প্রোফাইল থেকে এধরনের সূত্রবিহীন দাবি গুলো প্রচার করা হচ্ছে। আন্দোলনের প্রথম দিনে সে কাল্পনিক মৃত্যুর সংখ্যা ৯ জন পর্যন্ত দাবি করা হলেও দ্বিতীয় দিনের আন্দোলন শুরুর আগেই ১৪ শিক্ষার্থীর মৃত্যুর দাবি ছড়ানো হয়। ফেসবুকে ‘বাংলাদেশ মুজিব সেনা ঐক্যলীগ কেন্দ্রীয় কমিটি’ নামে একটি পেজ থেকে পোস্ট করা হয়, ‘ঢাকায় ১৪ শিক্ষার্থী নিহত। প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ ও গার্ডিয়ান রাজপথে নামুন’।
তবে এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেখা গেছে, দাবিটির সূত্রপাত হয়, শেখ বিল্লাল নামে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি প্রোফাইল থেকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (৭ ঘন্টায়) পোস্টটিতে চার শ’র কাছাকাছি মন্তব্য এবং একই পরিমাণ শেয়ার হতেও দেখা গেছে।
তবে প্রচারিত দাবি গুলোর সাথে সম্পর্কিত বিভিন্ন কি-ওয়ার্ড সার্চ করে দেশের কোনো সংবাদমাধ্যমে নিহতের খবর পাওয়া যায়নি। প্রতিবেদন লেখার আগে ‘মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, নতুন ৬ দফা দিল শিক্ষার্থীরা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে এশিয়া পোস্ট। উত্থাপিত দাবিগুলোর মধ্যেও আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকেও নিহত কিংবা নিখোঁজের কোনো দাবি তোলা হয়নি।
অর্থাৎ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে চলমান দ্বিতীয় দিনের আন্দোলনে ঢাকায় ১৪ শিক্ষার্থী নিহত এবং চট্টগ্রামে ৭ শিক্ষার্থী নিখোঁজ হওয়ার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এধরনের কোনো ঘটনার সংবাদ কিংবা তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।




