ঢাকা বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রীকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে দাবিতে ফেসবুকে মিথ্যা প্রচারণা

‘ইন্টারমিডেয়ট পাস তারেক রহমানকে ডক্টরেট ডিগ্রী দিল ঢাকা বিশ্ববিদ্যালয়’ এবং ‘আগে বলতেন তাইলে আর এত কষ্ট করে মাস্টার্স ডিগ্রি অর্জন করা লাগত না। ইন্টার পাশের পরেই ডক্টরেট ডিগ্রী পেয়ে যেতাম।’ এ ধরনের ক্যাপশনে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। এতে দাবি করা হচ্ছে, তারেক রহমানকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুনএখানে, এখানে, এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, নিউজ টাইম অনলাইন নামে একটি পেজ থেকে দাবিটি সর্বপ্রথম (১২ মে, রাত ১১টা ১৪ মিনিটে) পোস্ট করা হয়। ফটোকার্ডটির উপরের অংশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ছবি ব্যাকগ্রাউন্ডে দিয়ে সামনের অংশে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো বসানো হয়েছে। এতে নিচের অংশে শিরোনামে দাবিটি বসিয়ে উল্লেখ করা হয়েছে, ‘বিস্তারিত কমেন্টে’। তবে কমেন্টে দাবিটির সম্পর্কে বিস্তারিত কিছুই জানানো হয়নি।
অন্যদিকে পেজটির বায়োতে লেখা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতায়। প্রতিদিন, প্রতিক্ষণ, আপনার খবর, আপনার সময়।’ কিন্তু পেজের ক্যাটাগরি অংশে সেখানে স্যাটায়ার বা প্যারোডি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে পেজটির মূল পোস্টে উল্লেখযোগ্য প্রতিক্রিয়া দেখা না গেলেও ‘ক্রাক প্লাটুন বাংলাদেশ’ নামে আওয়ামী লীগ সংশ্লিষ্ট একটি গ্রুপে ফটোকার্ডটি পোস্ট করা হলে সেখানে ৩০ হাজারের কাছাকাছি প্রতিক্রিয়া আসতে দেখা গেছে। এ ছাড়াও পোস্টটিতে ৩ হাজারের কাছাকাছি মন্তব্যের পাশাপাশি ৪০০ বারের কাছাকাছি পুনরায় শেয়ার করা হয়েছে।
দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত কোনো সংবাদমাধ্যমে দাবিটি সত্য প্রমাণিত হয় এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি কর্মশালা উদ্বোধন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সংবাদপাওয়া যায়। কিন্তু সেখানে ভিন্ন একটি মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় কর্মসূচি থাকলেও তাকে বিশ্ববিদ্যালয়টি থেকে ডক্টরেট ডিগ্রি প্রদান সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডক্টরেট ডিগ্রি দেওয়ার দাবিটি ভুয়া। প্রচারিত ফটোকার্ডটিতে মিথ্যা দাবি প্রচার করা হচ্ছে।