গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার নামে ভুয়া মন্তব্য প্রচার

‘গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য স্বল্প পরিসরে প্রচার করা যাবে’ প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এমন বক্তব্য দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ২৪’ এর সংবাদ ফটোকার্ডের আদলে তৈরি ছবি প্রচার করে দাবিটি ছড়ানো হচ্ছে। তবে এশিয়া পোস্ট যাচাই করে দাবিটির সত্যতা পায়নি।
প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, ফেসবুকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন প্রোফাইল এবং গ্রুপে ফটোকার্ডটি পোস্ট করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন নামে একটি গ্রুপে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখা হয়েছে, ‘স্বল্প পরিসরে কেন?’ পোস্টটিতে অর্ধশতাধিক মন্তব্যের পাশাপাশি তিন শতাধিক প্রতিক্রিয়া পড়েছে। পোস্ট গুলোর মন্তব্য যাচাই করে দেখা গেছে, নেটিজেনদের অনেকেই দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানিয়েছেন সেখানে। মিথিলা বোস নামে একটি আইডিতে ফটোকার্ডটি পোস্ট করা হলে সেখানে নেহাল আরিফ নামে একজন মন্তব্য করেছেন, ‘চিপা খাইছে তাই সুর পাল্টানো শুরু হইছে।’
প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে চ্যানেল ২৪ বা অন্য কোনো সংবাদমাধ্যমে এধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। আলাদাভাবে সংবাদমাধ্যমটির অফিসিয়াল পেজে সার্চ করে এ ধরনের একটি ফটোকার্ড পাওয়া গেছে। গত ৪ আগস্ট দুপুর ২ টা ৩০ মিনিটে পোস্ট করা ফটোকার্ডটিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টার বরাতে জানানো হয়েছে, ‘গণমাধ্যমে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা।’
অর্থাৎ, ‘গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য স্বল্প পরিসরে প্রচার করা যাবে’ প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এমন কোনো বক্তব্য দেননি। বরং ‘গণমাধ্যমে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার’ শীর্ষক ঘোষণা বিকৃত করে প্রচার করা হচ্ছে এতে।
.png)

