প্রধানমন্ত্রী ৫ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করতে চান দাবিতে ভাইরাল ফটোকার্ডটি ভুয়া

‘বাংলাদেশের মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করতে চাই’ প্রধানমন্ত্রী তারেক রহমান এমন ঘোষণা দিয়েছেন দাবি করে একটি ফটোকার্ড ফেসবুকে ভাইরাল হয়েছে। এ সম্পর্কিত দুটি পোস্ট দেখুন এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
আলোচিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, ফেসবুকে টেলিভিশন চ্যানেল যমুনা টিভির আদলে তৈরি জানিনা টেলিভিশন (Janina Television) নামে একটি পেজ থেকে ছবিটি প্রথম পোস্ট করা হয়েছে। প্রচারিত ফটোকার্ডটিতে উপরে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে নিচে আলোচিত দাবিটি বসানো হয়েছে। এতে তারিখ হিসেবে ২২ ফেব্রুয়ারি, ২০২৬ এবং একেবারে নিচের অংশে যমুনা টিভির সংবাদ ফটোকার্ডের আদলে লোগো, ওয়েবসাইট এবং অন্যান্য সামাজিক যোগাযোগ প্রোফাইলের ঠিকানা দেওয়া হয়েছে।
সর্বশেষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ৪ লাখ ৬৫ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি ১২ হাজারের বেশিবার শেয়ার হতে দেখা গেছে। এতে ২৯ হাজারের বেশি নেটিজেন মন্তব্য করেছেন, যাদের বেশিরভাগকেই দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া দিতে দেখা গেছে। এ ছাড়া একই ফটোকার্ড সম্পাদনা করে কিংবা হুবহু দাবিটি ভিন্ন ফটোকার্ডে ব্যবহার করে পোস্ট করতেও দেখা গেছে।
তবে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে দাবিটি প্রমাণিত হয় এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সম্পর্কিত অফিশিয়াল চ্যানেলগুলোতেও দাবিটির পক্ষে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।
অর্থাৎ, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বাংলাদেশের মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করতে চাই’ এমন ঘোষণা দিয়েছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। এ ধরনের কোনো ঘোষণা দেননি প্রধানমন্ত্রী।