Advertisement

‘শেখ হাসিনাকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ফেরানো হবে’ সার্জিও গোরের নামে ভুয়া মন্তব্য প্রচার

এশিয়া পোস্ট ডেস্ক
‘শেখ হাসিনাকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ফেরানো হবে’ সার্জিও গোরের নামে ভুয়া মন্তব্য প্রচার
‘শেখ হাসিনাকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ফেরানো হবে’ দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের নামে ভুয়া মন্তব্য প্রচার। ছবি : ফেসবুক

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সাম্প্রতিক ঢাকা সফর নিয়ে আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপ ও পেজ থেকে তার নামে একটি মন্তব্য প্রচার করা হচ্ছে। যেখানে তার বক্তব্য দাবি করে লেখা হয়েছে, ‘শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরবে, আওয়ামী লীগকে আমরা ভুল বুঝেছিলাম : সার্জিও গোর।’ তবে এশিয়া পোস্ট ফ্যাক্ট চেক করে দাবিটির সত্যতা পায়নি।

প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে জানা গেছে জাহাঙ্গীর হোসাইন নামে একটি আইডি থেকে দাবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়। এতে সার্জিও গোরের বক্তব্য দাবি করে লেখা হয়েছে, ‘জননেত্রী শেখ হাসিনাকে ফেরানো হবে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে।’ পোস্টটিতে প্রতিবেদন লেখা পর্যন্ত সাড়ে পাঁচ হাজারের বেশি প্রতিক্রিয়া আসতে দেখা গেছে। তবে পোস্টটির মূল লেখা কিংবা মন্তব্যের ঘরে এর কোনো ধরনের তথ্যসূত্র জানানো হয়নি। এ সম্পর্কিত প্রথম পোস্টটির কয়েক ঘণ্টা পর একই দাবিতে আরও একটি পোস্ট করা হয় যেখানে গোরের বক্তব্য হিসেবে দাবি করা হচ্ছে, ‘শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরবে, আওয়ামী লীগকে আমরা ভুল বুঝেছিলাম।’

কি-ওয়ার্ড সার্চে দেখা গেছে ‘দৈনিক ভোরের কণ্ঠ’ নামে সংবাদমাধ্যমের ফটোকার্ড ধরন নকল করে তৈরি একটি ফটোকার্ড পোস্ট করা হয়। এতে সার্জিও গোরের ছবি ব্যবহার করে উল্লিখিত জাহাঙ্গীর হোসাইনের দ্বিতীয় স্ট্যাটাসটি হুবহু বসানো হয়েছে। এরপর থেকে ফটোকার্ডটি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।

তবে প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশি কিংবা আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে (বর্তমান এক্স) সার্জিও গোরের ভ্যারিফায়েড হ্যান্ডেলেও এ ধরনের কোনো পোস্ট পাওয়া যায়নি। যদিও সেখানে বাংলাদেশ সফর সম্পর্কে একাধিক টুইট করেছেন তিনি। এ ছাড়াও এ সম্পর্কিত সার্চে সংবাদমাধ্যম ‘দৈনিক এদিন’ এ তার সফর নিয়ে ‘গরের সফরে ‘আ. লীগ নেই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে জানানো হয়, সার্জিও গোরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান স্পষ্ট করে বলেছেন, আওয়ামী লীগ নিয়ে বৈঠকে কোনো আলোচনাই হয়নি এতে।

অর্থাৎ, ‘শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরবে, আওয়ামী লীগকে আমরা ভুল বুঝেছিলাম।’ ‘জননেত্রী শেখ হাসিনাকে ফেরানো হবে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে।’ শিরোনামে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নামে প্রচারিত ফটোকার্ড বা পোস্টগুলো ভুয়া। দেশি-বিদেশি সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে তার এ ধরনের কোনো বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।

বিষয় :asiapost