সাভারে সমাবেশে হামলার ঘটনায় দুই এনসিপি কর্মী আটকের দাবিটি ভুয়া

এশিয়া পোস্ট ডেস্ক
সাভারে সমাবেশে হামলার ঘটনায় দুই এনসিপি কর্মী আটকের দাবিটি ভুয়া
সাভারে সমাবেশে হামলার ঘটনায় দুই এনসিপি কর্মী আটকের ভুয়া দাবি প্রচার। ছবি : সংগৃহীত

“সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলার ঘটনায় দুই জন আটক, জিজ্ঞাসাবাদে জানা গেছে দুইজনই এনসিপির কর্মী।” সাভার মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান এমন বক্তব্য দিয়েছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। সাবেক সংসদ সদস্য ও রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনিও ফটোকার্ডটি শেয়ার করেছেন।

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি গতকাল সোমবার গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক কলেজ এলাকা থেকে শুরু হয়। সেখান থেকে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা সাভারে যান। রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলা অবস্থায় বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। এতে চারজন আহত হন।

প্রচারিত পোস্ট গুলোতে দাবি করা হচ্ছে “সমাবেশে হামলার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ”, “আটককৃতরা দুইজনই এনসিপিকর্মী” এবং সাভার মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান এমন বক্তব্য দিয়েছেন। তবে দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটকের সংবাদ পাওয়া যায়নি।

সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চে ‘হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়া নিয়ে সন্দেহ পুলিশের’ শিরোনামে একটি সংবাদ বাদ পাওয়া যায়। ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীনের বক্তব্য অনুযায়ী, বিস্ফোরণের আগ দিয়ে বিদ্যুৎ চলে যাওয়াকে সন্দেহে রাখা হয়েছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে প্রধান করে ঘটনার তদন্তে একটি কমিটি গঠনের কথাও জানান তিনি। বাকি দুই সদস্য থাকবেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান ও সাভার মডেল থানার ওসি নূর মোহাম্মদ।

এছাড়াও, সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে জানা গেছে, সর্বশেষ ২০২৪ সালে সাভার থানার দায়িত্বে ছিলেন আকবর আলী খান। ২০২৪ সালের ২২ মার্চ তাকে গাজীপুরের শ্রীপুর থানায় বদলি করা হয়।

অর্থ্যাৎ, আলোচিত ফটোকার্ডে উল্লিখিত সাভার মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খানের বক্তব্যে প্রচারিত দাবিটি ভুয়া। বর্তমানে আকবর আলী খান নামে কোনো ওসি সাভার মডেল থানায় নেই। পুলিশ সুপারের বক্তব্য অনুযায়ী সাভার মডেল থানার বর্তমান ওসি নূর মোহাম্মদ এবং তিনি এ পর্যন্ত গ্রেপ্তারের কোনো সংবাদ দেননি।

বিষয় :asiapost