এআই জেনারেটেড ছবিতে সড়ক দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যুর ভুয়া খবর প্রচার

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। দেশের বিভিন্ন স্থানে ছোট-বড় বেশ কিছু সড়ক দুর্ঘটনার খবর আমাদের ফিডে আসছে।
এরমধ্যে গতকাল (২৫ মে ২০২৬) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর সংবাদে শোকে স্তব্ধ জাতি। নতুন করে সড়ক দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যুর ছবিসহ বেশকিছু পোস্ট ছড়ানো হয়েছে।
এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্ট যাচাই করে দেখেছে ছবিগুলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি এবং ২৫ জনের মৃত্যুর দাবিটিও ভুয়া।
প্রচারিত পোস্টগুলোতে প্রায় একই ধরনের ক্যাপশন ব্যবহার করে দাবি করা হচ্ছে, ‘সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। ঈদে বাড়ি ফেরার সময় আজকে সড়ক দুর্ঘটনায় ২৫ জন মানুষ মা/রা গেল। আল্লাহ তাদের সবাইকে জান্নাত দান করুক।’ পোস্টগুলোতে দেখা যায় সাদা কাফনে আবৃত বেশকিছু মরদেহ সারিবদ্ধ করে রাখা হয়েছে। এরমধ্যে কিছু পোস্টে ভিন্ন ভিন্ন ছবি ব্যবহার করে একই সংখ্যক অর্থ্যাৎ ২৫ জন নিহত হওয়ার সংবাদ প্রচার করা হচ্ছে।
প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে, অল্প সময়ের ব্যবধানে নেটিজেনরা দাবিটি বিশ্বাস করে সেখানে ব্যপক প্রতিক্রিয়া জানিয়েছেন। যেমন: সুমাইয়া নাহার নামে একটি পেজ থেকে এ ধরনের একটি ছবি ক্যাপশনে ২৫ জনের মৃত্যুর দাবিসহ পোস্ট করা হয়েছে। মাত্র ৩ ঘণ্টায় পোস্টটিতে আড়াই হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে। এ ছাড়াও পোস্টটি ৫ শতাধিকবার পুনরায় শেয়ার করা হয়েছে। এবং পোস্টটিতে তিন শতাধিক মন্তব্য পড়েছে, যাদের বেশির ভাগই নিহতের আত্মার শান্তিকামনা করে দোয়া করতে দেখা গেছে।
প্রচারিত ছবিগুলো ‘ডিপ এআই ইমেজ ডিটেক্টটর’ ও ‘হাইভ ডিটেক্ট’সহ একাধিক এআই কনটেন্ট শনাক্তকরণ সাইটে আপলোড করা হয়। এতে ছবিগুলোর ৮৭ শতাংশ থেকে ৯৮ শতাংশের বেশিই এআই দ্বারা তৈরি বলে জানা গেছে।
অন্যদিকে, প্রচারিত ২৫ জন নিহত হওয়াসংক্রান্ত কি-ওয়ার্ড ধরে সার্চ করলে দেশের কোনো সংবাদমাধ্যমে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে কয়েকটি ছোট-বড় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ সারাদেশে অন্তত সাতজনের মৃত্যুর খবর খবর পাওয়া গেছে। আরও সংবাদ দেখুন এখানে এবং এখানে। তবে গত টাঙ্গাইলের ঘটনাসহ ৭ জেলায় এক দিনে ২৭ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
অর্থ্যাৎ, ঈদযাত্রায় বাড়ি ফেরার সময় আজকে সড়ক দুর্ঘটনায় ২৫ জন মানুষ মারা গেছে দাবিতে প্রচারিত ছবিগুলো এআইয়ের সহায়তায় তৈরি। এবং প্রচারিত দাবিটি ভুয়া। এ ধরনের কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি।