বিটিভির খরচ নিয়ে সংসদে ভুল তথ্য দিলেন রুমিন ফারহানা

এশিয়া পোস্ট ডেস্ক
বিটিভির খরচ নিয়ে সংসদে ভুল তথ্য দিলেন  রুমিন ফারহানা
বিটিভি নিয়ে সংসদে ভুল তথ্য দিয়েছেন রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাজেটে বিটিভির জন্য বিচার বিভাগের বরাদ্দের চেয়ে কয়েকগুণ বেশি বরাদ্দ রাখা হয়েছে। বাজেট আলোচনায় বিচার বিভাগ-সংক্রান্ত মঞ্জুরি দাবির ওপর আলোচনায় অংশ নিয়ে এমন দাবি করেন তিনি।

Advertisement

তার এমন বক্তব্য সম্পর্কিত সংবাদ এবং ভিডিও দেখুন এখানে,এখানে এবং এখানে

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। বিচার বিভাগের তুলনায় বিটিভির বাজেট অর্ধেকের কম এবং পূর্বের বাজেটের চেয়েও এবারে বাজেটে বরাদ্দ কমানো হয়েছে।

এ সময় স্বতন্ত্রভাবে নির্বাচিত এই সংসদসদস্য বলেন, “মাননীয় স্পিকার আমি এক টাকা বাজেট অনুমোদনের জন্য বলছি এ কারণেই যে ২০২৫-২৬ সালে বিচার বিভাগের জন্য বরাদ্দ ছিল ২ হাজার ১৫ কোটি টাকা। যেটি জিডিপির দশমিক শূণ্য শতাংশ (.০৩) এর কাছাকাছি। ২০২৬-২৭ অর্থবছরে তা বেড়ে ২ হাজার ১৮৭ কোটি ৫৮ লাখ টাকা হলেও জিডিপির অনুপাতে বরাদ্দ এখনও প্রায় একই অবস্থায় রয়েছে। মাননীয় স্পিকার এটাও জিডিপির দশমিক শূণ্য তিন (.০৩) শতাংশের মতো। এর বেশি নয়। অথচ আমরা যদি বিটিভির মতন একটা একেবারে মানে কি বলবো যে, একেত থেকে কোন লাভ হয় না, এরকম একটি খাতের বরাদ্দের দিকে তাকাই, সেটাও দেখব বিচার বিভাগের বরাদ্দের চেয়ে কয়েকগুণ বেশি।”

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিচার বিভাগের জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ২,১৮৮ কোটি টাকা। এর আগের অর্থবছর অর্থ্যাৎ ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দ ছিল ২,১৬০ কোটি টাকা। এছাড়া, বাংলাদেশ সুপ্রীম কোর্টের জন্য প্রস্তাবিত বাজেটে ২৯১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল এর পরিমাণ ছিল ২৭০ কোটি টাকা। সে হিসেবে বিচার সংশ্লিষ্ট এই দুটি প্রধান খাতের মোট প্রস্তাবিত বরাদ্দ দাঁড়ায় ২,৪৭৯ কোটি টাকা। এ সম্পর্কিত সংবাদ দেখুন এখানে এবং এখানে

অন্যদিকে, প্রস্তাবিত বাজেটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জন্য বরাদ্দ রাখা হয়েছে ১,১৯০ কোটি টাকা। দেখুন এখানে। এর আগের অর্থবছরের (২০২৫-২৬) সংশোধিত বাজেটে এই বরাদ্দ ছিল ১,২২৩ কোটি টাকা। অর্থাৎ বিচারসংশ্লিষ্ট ২ বিভাগ বিচার বিভাগ ও সুপ্রীম কোর্ট বিভাগের মোট বাজেট বরাদ্দের চেয়ে বিটিভির বাজেট ১২৮৯ কোটি টাকা কম। একই সাথে বিচার বিভাগের মোট বরাদ্দ (২,৪৭৯ কোটি টাকা) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মোট বরাদ্দের (১,১৯০ কোটি টাকা) তুলনায় দ্বিগুণেরও বেশি (প্রায় ২.০৮ গুণ)। এছাড়াও এবারের বাজেটে তথ্য ও সম্প্রচার (বিটিভি এ মন্ত্রনালয়ের অধীন) খাতে বরাদ্দ ৩৩ কোটি টাকা কমানোর প্রস্তাব করা হয়েছে।

অর্থ্যাৎ, সংসদে বাজেট আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার, “বাজেটে বিটিভির জন্য বিচার বিভাগের বরাদ্দের চেয়ে কয়েকগুণ বেশি বরাদ্দ রাখার” দাবিটি সঠিক নয়। বরং বিচার বিভাগের জন্য মোট প্রস্তাবিত বরাদ্দ বিটিভির চেয়ে দ্বিগুণের বেশি।

বিষয় :asiapost