হিন্দু তরুণী বা ছাত্রলীগ নির্যাতন নয় এই ভিডিওটি আসলে অভিনয়ের

‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এই বোনের উপর নির্যাতনের অবস্থা....মনে থাকবে বাংলাদেশ।’ এ ধরনের শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এর আগে একই ভিডিও ‘বাংলাদেশে হিন্দু তরুণীকে মুখ বেঁধে নির্যাতন’ দাবি করে ভারতীয় এক্স (সাবেক টুইটার) অ্যকাউন্ট থেকেও প্রচার করতে দেখা গেছে। তবে যাচাইয়ে দাবিগুলোর কোনোটির সত্যতা পাওয়া যায়নি।
সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী বেশকিছু ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি প্রচার করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেত্রীকে নির্যাতনের অবস্থা হিসেবে বর্ণনা করা হচ্ছে। ফেসবুকে মুজিব সৈনিক নামে একটি প্রোফাইল থেকে এ সম্পর্কিত একটি পোস্টে ৮ শতাধিক প্রতিক্রিয়ার পাশাপাশি সাড়ে পাঁচ হাজারবারের বেশি পুনরায় শেয়ার করতে দেখা গেছে। এছাড়াও ভিডিওটি উল্লিখিত প্রোফাইল থেকে আড়াই লক্ষাধিকবার ভিউ হতে দেখা গেছে।
তবে প্রচারিত ভিডিওটির কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে টিভি চ্যানেল এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৭ মার্চের একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে জানানো হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শান্তি চত্ত্বরে মশাল মিছিল, আলোক প্রজ্বলন ও পারফরম্যান্স আর্ট (পথ নাটক) প্রদর্শন করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। ‘অবন্তিকার আত্ম-হত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মশাল মিছিল’ শিরোনামে প্রকাশিত ভিডিও প্রতিবেদনটিতে এ ধরনের আরও কয়েকজন শিক্ষার্থীর পারফরম্যান্সের দৃশ্য দেখা যায়।
এছাড়াও সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে একই সময়ে শিক্ষাভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসের এ সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। এতেও বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে ক্যাম্পাসে আলোক প্রজ্বলন ও পারফরম্যান্স আর্ট প্রদর্শনের বিষয়টি জানানো হয়।
অর্থাৎ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বোনের উপর নির্যাতন কিংবা বাংলাদেশে হিন্দু তরুণীকে মুখ বেঁধে নির্যাতন’ দাবি করা পোস্ট গুলো ভুয়া। মূলত একজন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে পারফরম্যান্স আর্টের ভিডিও নিয়ে বানোয়াট দাবিতে প্রচার করা হচ্ছে।