জার্মান পর্যটকের মালামাল উদ্ধারের দাবিটি ভুয়া, প্রচারিত ছবিটি ‘এআই জেনারেটেড’

সম্প্রতি বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরতে এসে ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ হারান জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। গত বুধবার (৭ অক্টোবর) বিকেল নাটোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, এসব জিনিস ফেরত পেয়েছেন সে পর্যটক। বাংলাদেশ পুলিশের একজন সদস্য তাকে ল্যাপটপ, ক্যামেরা বুঝিয়ে দিচ্ছেন এমন ছবি প্রচার করা হচ্ছে। তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। বরং এআই জেনারেটেড ছবি ছড়িয়ে ভুয়া দাবি প্রচার করা হচ্ছে।
তবে ছড়িয়ে পড়া ছবিটি একাধিক এআই কন্টেন্ট শনাক্তকরণ সাইটে আপলোড করে ছবিটির ৯৯ শতাংশের বেশি এআই সৃষ্ট বলে জানা গেছে। এরমধ্যে হাইভ মডারেশন এবং ইজ ইট এআই ছবিটির ৯৯ শতাংশ এবং ডিকোপি এআই ছবিটির শতভাগই এআই হিসেবে চিহ্নিত করেছে। এছাড়াও ছবিটিতে বেশ কিছু অসঙ্গতি নজরে পড়ে। যেমন, উল্লিখিত পর্যটকের হাতে হারানো জিনিসপত্র বুঝিয়ে দেয়া পুলিশ সদস্যের হাতে দৃশ্যমান ‘Police’ লেখাটি অসম্পূর্ণ। পোশাকে থাকা ব্যাজটির লেখাও অনেকটা এলোমেলো এবং অস্পষ্ট। এই ধরনের অসঙ্গতি সাধারণত এআই সৃষ্ট ছবির ক্ষেত্রে সচরাচর দেখা যায়।
অন্যদিকে, জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি যাওয়ার ঘটনা সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে ‘সেই জার্মান পর্যটককে ম্যাকবুক উপহার দিয়ে মন জয় করলেন বাংলাদেশি’ শিরোনামে একটি সংবাদ পাওয়া যায়। এছাড়াও দৈনিক প্রথম আলোতে ‘ছেলেটা ভালো স্মৃতি নিয়ে ফিরুক’, সেই জার্মান তরুণকে ম্যাকবুক উপহার দিলেন ব্যবসায়ী’ শিরোনামে একটি সংবাদ পাওয়া যায়। সংবাদটিতে পুলিশের বরাতে জানানো হয়েছে, তাঁর চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে যেতে দেখা গেছে। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশের বিভিন্ন ইউনিট। এছাড়াও এই প্রতিবেদন লেখা পর্যন্ত আলোচিত সে পর্যটকের মালামাল উদ্ধারের কোনো সংবাদ পাওয়া যায়নি।
অর্থাৎ, বাংলাদেশে ঘুরতে এসে নাটোর রেলস্টেশনে ল্যাপটপ ও ক্যামেরা খোয়ানো জার্মান পর্যটক তার জিনিসপত্র ফেরত পেয়েছেন দাবিতে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড। এছাড়াও প্রতিবেদন লেখা পর্যন্ত (১১ অক্টোবর, বিকেল ৫টা) তার জিনিসপত্র উদ্ধার সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। ফলে প্রচারিত দাবিটিও ভুয়া।