logo

শুটার ফয়সালের রিমান্ড নিয়ে হাসনাত আবদুল্লাহর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

শুটার ফয়সালের রিমান্ড নিয়ে হাসনাত আবদুল্লাহর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

“ফয়সালকে রিমান্ডে নিয়ে জজমিয়া নাটক সাজিয়ে ইনকিলাব মঞ্চ, জুলাই যোদ্ধাদের ফাঁসানো হলে দেশে আরেকটি গণঅভ্যুত্থান নেমে আসবে” সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমন বক্তব্য দিয়েছেন দাবিতেে একাধিক ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে।  

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

ছড়িয়ে পড়া ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, বাঁশের লাঠি নামে একটি ফেসবুক পেজ থেকে ছবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়। এতে নিচের অংশে শহীদ শরিফ ওসমান হাদি, তার খুনের অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ এবং হাসনাত আবদুল্লাহর ছবি ব্যবহার করা হয়েছে। উপরের অংশে হাসনাত আবদুল্লাহ বক্তব্য দাবি করে লেখা হয়েছে, “ফয়সালকে রিমান্ডে নিয়ে জজমিয়া নাটক সাজিয়ে ইনকিলাব মঞ্চ, জুলাই যোদ্ধাদের ফাঁসানো হলে দেশে আরেকটি গণঅভ্যুত্থান নেমে আসবে।” 

উল্লিখিত পেজ থেকে ফটোকার্ডটি আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে পোস্ট করা হয়েছে। এছাড়াও আরও বেশকিছু প্রোফাইল থেকে একই দাবিতে ভিন্ন আরও কয়েকটি ফটোকার্ড পোস্ট করা হয়েছে। পোস্টগুলোতে দাবিটি বিশ্বাস করে মন্তব্য করেছেন নেটিজেনদের অনেকে। যেমন—আহমেদ ফয়সাল ল্যান্ড সার্ভেয়ার নামে একজন মন্তব্য করেছেন, “তাহলে কি হাদিহত্যার সঠিক তদন্তের ব্যাঘাত ঘটানোর সম্ভাবনা দেখতেছি?”

তবে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে হাসনাত আবদুল্লাহর এ ধরনের মন্তব্য সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত প্রোফাইল এবং পেজে এ সম্পর্কিত কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

অর্থাৎ, “ফয়সালকে রিমান্ডে নিয়ে জজমিয়া নাটক সাজিয়ে ইনকিলাব মঞ্চ, জুলাই যোদ্ধাদের ফাঁসানো হলে দেশে আরেকটি গণঅভ্যুত্থান নেমে আসবে” হাসনাত আবদুল্লাহ এমন মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। এ ধরনের কোনো বক্তব্য দেননি তিনি।