ককরোচ জনতার আন্দোলনে যোগ দেননি শাহরুখ খান, প্রচারিত ভিডিওটি ৩ বছর আগের

ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে ‘দিল্লিতে মোদী বিরোধী ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিয়েছেন বলিউড কিং শাহরুখ খান’ এ ধরনের ক্যাপশনে একটি ভিডিও এবং ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। বরং ২০২৩ সালে ভারতের মুম্বাই শহরে জনপ্রিয় গণেশ মূর্তি ‘লালবাগচা রাজা’ দেখতে যাওয়ার ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে তিনি ককরোচ জনতার আন্দোলনে যোগ দিয়েছেন।
প্রচারিত ভিডিওটির একাধিক গুরুত্বপূর্ণ ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিওর মিল পাওয়া যায়। ভারত থেকে পরিচালিত বেশকিছু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে হুবহু এবং ভিন্ন স্থান থেকে ধারন করা একই ঘটনার ভিডিও পাওয়া যায়। এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে জানা গেছে, সেসময় শাহরুখ খান তার ছোট ছেলে আব্রাম এবং ম্যানেজার পূজা দাদলানিকে সাথে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজা প্যান্ডেলে গণেশ চতুর্থীর আশীর্বাদ নিতে গিয়েছিলেন। বিস্তারিত দেখুন এখানে এবং এখানে।
অন্যদিকে, ককরোচ জনতা পার্টির আন্দোলনে শাহরুখ খানের যোগদান সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় বা অন্যকোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও, টুইটারে (বর্তমান এক্স) শাহরুখ খানের ভ্যারিফায়েড প্রোফাইলেও আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ বা যোগদানের ঘোষণা দিয়ে কোনো টুইট করেননি।
অর্থাৎ, দিল্লীর জন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনে শাহরুখ খান যোগ দিয়েছেন দাবিতে প্রচারিত ভিডিওটি পুরনো। এখন পর্যন্ত এ আন্দোলনে তার যোগদান সম্পর্কিত কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
.png)





