logo

জার্মান বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনে বিজয়ীদের শিবির নেতাকর্মী বানিয়ে প্রচার

জার্মান বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনে বিজয়ীদের শিবির নেতাকর্মী বানিয়ে প্রচার
জার্মান বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনে বিজয়ীদের শিবির নেতাকর্মী বানিয়ে প্রচার। ছবি : সংগৃহীত

‘ইউরোপের ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করেছে ইসলামী ছাত্রশিবিরের ৩ নেতাকর্মী’ এমন শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

প্রচারিত পোস্ট গুলোতে সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সংবাদ ফটোকার্ডের আদলে তৈরি একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ফটোকার্ডটিতে নির্বাচনে জয়ী ৩ জনের ছবি ব্যবহার করে নীচের অংশে আলোচিত দাবিটি বসানো হয়েছে। এতে উপরের অংশে বিডি নিউজের লোগো এবং তারিখ হিসেবে ১৭ জুন ২০২৬ উল্লেখ করা হয়েছে। ফটোকার্ডটি খালিদ সাইফুল্লাহ নামে শিবির সংশ্লিষ্ট একটি প্রোফাইল থেকে সর্বপ্রথম পোস্ট করা হয়।

তবে ছড়িয়ে পড়া ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে সংবাদমাধ্যম বিডি নিউজে ১৭ জুন প্রকাশিত একটি সংবাদ পাওয়া যায়। এছাড়াও অনলাইন পত্রিকাটি তাদের ফেসবুকে পাতায় এ সম্পর্কিত একটি ফটোকার্ড পোস্ট করেছে। এতে শিরোনাম দেওয়া হয়, ‘ব্রেমেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে জয়ী ৩ বাংলাদেশি’।

সংবাদমাধ্যমটিতে প্রকাশিত মূল সংবাদে বিজয়ীদের রাজনৈতিক পরিচয় সম্পর্কিত কোনো তথ্য জানানো হয়নি। এছাড়া ছাত্র শিবিরের অফিশিয়াল ফেসবুক পেজেও ব্রেমেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে জয়ী শিক্ষার্থীদের নিজেদের নেতাকর্মী দাবি করা হয়নি।

অর্থ্যাৎ, বিডি নিউজের ফটোকার্ডটি ডিজিটালি সম্পাদনা করে ইউরোপের বিশ্ববিদ্যালয়ে শিবির নেতাকর্মী জয়ী দাবিতে প্রচারিত দাবিটি ভুয়া। এধরনের কোনো সংবাদ বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশ করেনি।