বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকের ছবি এডিট করে ফেসবুকে ভুয়া প্রচারণা

‘প্রত্যাবর্তনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে—এমনই বার্তা মিলছে। একই সঙ্গে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও আলোচনার কেন্দ্রে ছিল।’ এমন ক্যাপশনে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্ট গুলোতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে গণঅভ্যুত্থানে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বৈঠক দাবিতে প্রচার করা হচ্ছে। এছাড়াও একই বৈঠকের ছবি পলাতক যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের নামেও প্রচার করা হয়েছে। উভয় পোস্টেরই ক্যাপশনে দাবি করা হচ্ছে, ‘প্রত্যাবর্তনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে—এমনই বার্তা মিলছে। একই সঙ্গে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও আলোচনার কেন্দ্রে ছিল।’
তবে প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে, গত ২১ এপ্রিল বাংলাদেশের জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বেশকিছু প্রতিবেদন পাওয়া যায়, যেখানে পলাতক ও কারাবন্দী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক দাবিতে প্রচারিত ছবিটির মিল রয়েছে। আরও দেখুন এখানে এবং এখানে।
প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বৈঠক করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের এর মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়াও, বাণিজ্য সংলাপ জোরদারের অংশ হিসেবে অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ শিগগিরই বাংলাদেশ সফর করবেন বলে জানান রাষ্ট্রদূত।
অর্থাৎ, প্রত্যাবর্তনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দাবি করে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলবন্দী ও পলাতক নেতাদের বৈঠকের ছবি গুলো সম্পাদিত। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বৈঠকের ছবি সম্পাদনা করে ভুয়া দাবি প্রচার করা হচ্ছে এতে।


