বিএনপির এমপি সেলিমের সামনে সাজানো মদের ছবিটি এআই দিয়ে তৈরি

“যিনি নিজে নারী আর মদের আসর বসিয়ে আমোদ-প্রমোদে ব্যস্ত থাকেন, সেই বিএনপির এমপি শাহাদাত হোসেন সেলিম (লক্ষ্মীপুর-১, রামগঞ্জ) এখন জনগণকে মাদক নির্মূলের নসিহত দিচ্ছেন! ভণ্ডামির একটা সীমা থাকা উচিত” এ ধরনের ক্যাপশনে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে। ছবিটিতে দেখা যায়, সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম আরও দু’জন ব্যাক্তিসহ একটি বিছানায় বসে আছেন। সেখানে তাদের সামনে একটি ট্রেতে মদের বোতল, গ্লাস এবং চানাচুর জাতীয় কিছু খাবার রাখা আছে।
এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
তবে যাচাইয়ে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি বলে জানা গেছে।
তবে প্রচারিত কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কন্টেন্ট শনাক্তকরতে পারে এমন একাধিক সাইটে আপলোড করে ছবিটি এআই-সম্পাদিত বলে জানা গেছে। যেমন : এধরনের একটি সাইট জিরোজিপিটি ছবিটির ৪৪ শতাংশই ডিজিটালি সম্পাদনা করে তৈরি হিসেবে চিহ্নিত করেছে।
এছাড়াও আলোচিত ছবিটি গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কন্টেন্ট শনাক্তকরণ সাইট গুগল ডিপমাইন্ডে আপলোড করেও ছবিটির কিছু অংশ গুগল এআই সম্পাদিত জানা গেছে। এতে জানানো হয়েছে, “এই ছবিটির কিছু অংশ গুগল এআই (Google AI) ব্যবহার করে তৈরি বা সম্পাদনা (edit) করা হয়েছে। SynthID-এর মাধ্যমে করা সনাক্তকরণ অনুযায়ী, পুরো ছবিটি সম্পূর্ণ কৃত্রিম না হলেও এর কোনো নির্দিষ্ট অংশ পরিবর্তন বা যুক্ত করার জন্য এআই টুলের সাহায্য নেওয়া হয়েছে। এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা গুগল মিডিয়ার ক্ষেত্রে এই ধরনের ডিজিটাল জলছাপ বা সিগন্যাল যুক্ত থাকে।”
এ ছাড়াও ফ্যাক্ট চেক ও ডিজিটাল অনুসন্ধান প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট ডিসমিসল্যাবের সূত্রে জানিয়েছে, ফ্যাক্টচেক প্রতিষ্ঠান বুম বাংলাদেশ-এর সিনিয়র ফ্যাক্টচেকার তৌসিফ আকবরের সহায়তায় গুগলের সিন্থআইডি (SynthID) টুল ব্যবহার করে ছবিটির ডিজিটাল ওয়াটারমার্ক বিশ্লেষণ করেছে ডিসমিসল্যাব। সিন্থআইডি হলো গুগলের একটি বিশেষায়িত প্রযুক্তি, যা ডিজিটাল ওয়াটারমার্কের মাধ্যমে গুগল এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কনটেন্ট শনাক্ত করতে ব্যবহৃত হয়।
ডিসমিসল্যাবের তথ্য অনুযায়ী, গুগলের সিন্থআইডি প্রযুক্তি ছবিটিতে ডিজিটাল ওয়াটারমার্ক শনাক্ত করেছে। সিন্থআইডি থেকে পাওয়া হিটম্যাপে দেখা যায়, সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের সামনে ট্রেতে সাজানো মদের বোতল ও চানাচুরের অংশে ডিজিটাল ওয়াটারমার্ক শনাক্ত হয়েছে। এটি ইঙ্গিত করে যে ছবিটির ওই অংশ গুগল এআই ব্যবহার করে তৈরি বা সম্পাদনা করা হয়েছে।
অর্থ্যাৎ, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের সামনে মদের বোতল সাজানো ছবিটি আসল নয়। ছবিটি এআই সহায়তায় সম্পাদনা করে ফেসবুকে ছড়ানো হয়েছে।




