সরকার চিরতরে টিকটক নিষিদ্ধ করার কথা ভাবছে দাবিতে ফেসবুকে প্রচার

‘টিকটক বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করার কথা ভাবছে বাংলাদেশ সরকার’ এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশকিছু ফটোকার্ড এবং পোস্ট প্রচার করা হয়েছে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন গ্রুপে দাবিটির পক্ষে সংবাদ ফটোকার্ডের আদলে বেশকিছু ফটোকার্ড ছড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে পরিচালিত ইংরেজিতে ‘Tarique Rahman’ নামে একটি গ্রুপে একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করা হয়েছে, ‘টিকটক বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করার কথা ভাবছে- বাংলাদেশ সরকার।’ ছবিটিতে তারেক রহমান এবং একজন তরুণীর ছবি ব্যবহার করে দাবিটি বসানো হয়েছে। এবং নিচে উল্লেখ করা হয়েছে, বিস্তারিত কমেন্টে, তবে কমেন্টে এ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত, পোস্টটিতে ২৩ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি ৩ শতাধিকবার শেয়ার হতে দেখা গেছে। এ ছাড়াও ২ হাজারের বেশি মন্তব্য এসেছে এতে, যেখানে দাবিটি বিশ্বাস করে সরকারের পদক্ষেপ স্বাগত জানাতে দেখা গেছে নেটিজেনদের অনেককে। একই দাবি বিভিন্ন গ্রুপে এবং প্রোফাইল থেকে পোস্ট করা হলে নেটিজেনদের ব্যাপক প্রতিক্রিয়া আসতে দেখা যায়। যেমন—আরিফৃুল হক চৌধুরী নামে একটি গ্রুপে এমন এক পোস্টে নাসির উদ্দিন নামে একজন মন্তব্য করেছেন, ‘এইটা বন্ধ করে দেন তাহলে বাংলাদেশের জন্য দোয়া করি আল্লাহ তাআলার রহমত নাজিল হবে সোনার বাংলা দেশ।’
তবে দাবিটির সঙ্গে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে সরকারের এ ধরনের সিদ্ধান্ত কিংবা চিন্তাভাবনা সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। বাংলাদেশে বিভিন্ন সময়ে এই দাবিটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রচারণা লক্ষ্য করা যায়।
অর্থ্যাৎ, সরকার বাংলাদেশে চিরতরে টিকটক নিষিদ্ধ করার কথা ভাবছে দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। এ ধরনের কোনো সিদ্ধান্ত কিংবা আলোচনার সংবাদ সরকারি সূত্রে পাওয়া যায়নি। এর আগেও একই দাবিতে ভুয়া প্রচারণার বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন দেখুন এখানে।