Advertisement

ড. ইউনুসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়নি, ফেসবুকে মিথ্যা প্রচারণা

এশিয়া পোস্ট ডেস্ক
ড. ইউনুসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়নি, ফেসবুকে মিথ্যা প্রচারণা
ড. ইউনুসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দাবিতে ফেসবুকে মিথ্যা প্রচারণা। ছবি : ফেসবুক পোস্ট

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গত রোববার (১৬ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান। এরমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে ‘ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে’। তবে এশিয়া পোস্ট যাচাই করে দাবিটির সত্যতা পায়নি।

Advertisement

প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেখা গেছে, ফেসবুকে জাহাঙ্গীর হোসেন নামে আওয়ামী লীগ সংশ্লিষ্ট একটি প্রোফাইল থেকে দাবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়। লেখায় লাল ব্যকগ্রাউন্ড দিয়ে ‘ব্রেকিং নিউজ’ দাবি করা পোস্টটিতে এ পর্যন্ত দেড়হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। এছাড়াও পোস্টটিতে শতাধিক মন্তব্য পড়েছে যেখানে নেটিজেনদের বেশির ভাগই দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানিয়েছেন।

তবে প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত কোনো সংবাদমাধ্যমে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। সাধারণত আইনি প্রক্রিয়া ও আদালতের নির্দেশে নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে এ সম্পর্কিত পোস্ট গুলোতে দাবিটির কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।

অর্থাৎ, ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে উল্লেখ করে প্রচারিত দাবিটি ভুয়া। হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হলেও আদেশ আদালত বা দুদকের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারির সত্যতা পাওয়া যায়নি। উল্লেখ্য যে, এর আগেও কয়েকবার অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছিল, তবে আদালত আমলে নেয়নি।

বিষয় :