সাভারে পুলিশের গুলিতে পোশাক শ্রমিক নিহত দাবিতে জমি নিয়ে সংঘর্ষে নিহত যুবকের ছবি প্রচার

‘তৌফিকের মর্মান্তিক মৃত্যুর পর আজ সাভারে পুলিশের গুলিতে আরেকজন শ্রমিক নিহত। ভাতের জন্য আর কত জীবন অকালে কেঁড়ে নিবে অবৈধ তারেক সরকার’ এ ধরনের ক্যাপশনে একটি মরদেহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি, মূলত জমি বিরোধে হামলার ঘটনায় নিহত যুবকের পুরোনো ছবি প্রচার করা হচ্ছে এতে।
ফেসবুকে আওয়ামীলীগ সংশ্লিষ্ট বিভিন্ন প্রোফাইল এবং গ্রুপে উল্লিখিত ছবিটি পোস্ট করা হচ্ছে। এতে ক্যাপশনে দাবি করা হচ্ছে চলমান পোশাক শ্রমিকদের আন্দোলনে পুলিশের গুলিতে সাভারে নিহত শ্রমিকের ছবি এটি। এছাড়াও একই ছবি হেমায়েতপুরের বলেও দাবি করা হয় কিছু পোস্টে। মরদেহের ছবি মন্তব্যের ঘরে রেখেও এ ধরনের ক্যাম্পেইন চালানো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএবং এখানে।
তবে প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে দৈনিক অর্থনীতির কাগজ নামে একটি সংবাদমাধ্যমে এ সম্পর্কিত একটি সংবাদ (আর্কাইভ) পাওয়া যায়। সাভারে বা হেমায়েতপুরে পুলিশের গুলিতে পোশাক শ্রমিক নিহত দাবি করে প্রচারিত ছবিটির সঙ্গে সংবাদটির মূল ছবি হুবহু মিলে যায়। ‘বাগেরহাটে জমি বিরোধে চাচাতো ভাইয়ের হামলা, নিহত ছেলে , আহত বাবা’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করা হয় চলতি বছরের ২১ সেপ্টেম্বর। সংবাদটিতে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলার রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকায়। নিহত যুবক আহাদ আহমেদ (২৪) ইসলামাবাদ এলাকার শেখ ফরিদুজ্জামানের ছেলে।
অর্থাৎ, চলমান পোশাক শ্রমিক আন্দোলনে সাভারে পুলিশের গুলিতে শ্রমিক নিহতের দাবিতে প্রচারিত ছবিটি বাগেরহাটে জমির বিরোধে চাচাতো ভাইয়ের হামলায় নিহত যুবক আহাদ আহমেদের। প্রায় দুই মাস আগের ঘটনার ছবি নতুন পরিস্থিতিতে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এতে।