Advertisement

ইমরান খান মুক্তি পেয়েছেন দাবি করে ফেসবুকে ভুয়া প্রচারণা

এশিয়া পোস্ট নিউজ
ইমরান খান মুক্তি পেয়েছেন দাবি করে ফেসবুকে ভুয়া প্রচারণা

পাকিস্তানের সাাবেক প্রধানমন্ত্রী  ইমরান খান মুক্তি পেয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে। এ সম্পর্কিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

Advertisement

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

দাবিটির সঙ্গে এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে ফেসবুকে অন্তত অর্ধশতাধিক পেজ এবং প্রোফাইল থেকে দাবিটি পোস্ট করতে দেখা গেছে। এর মধ্যে ‘জেকে ফকরুল ইসলাম’ নামে একটি প্রোফাইল থেকে দাবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়। ‘প্রবাসী ভাইসাব’ নামে অন্য একটি গ্রুপে এ সম্পর্কিত এক পোস্টে ৩ হাজারের কাছাকাছি প্রতিক্রিয়ার পাশাপাশি অন্তত ২ শতাধিক মন্তব্য পড়েছে। এছাড়াও বিভিন্ন প্রোফাইল এবং গ্রুপে পোস্ট করা দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনদের অনেকে। 

অন্যদিকে সাবেক এই পাক প্রধানমন্ত্রীর মুক্তি দাবিতে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এমন একাধিক ছবি পোস্ট করা হয়েছে। তবে এআই কন্টেন্ট শনাক্তকারী সাইট আনডিটেক্টেবল এআই এবং ডিকোপি এআইয়ে ছবিটি আপলোড করে এর মাত্র ৯৬-৯৭ শতাংশই এআই বলে জানা গেছে। 

সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে দাবিটি প্রমাণিত হয় এমন কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। পাকিস্তান থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যমগুলোতেও মুক্তি সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে গত ২৬ ফেব্রুয়ারি দেশটির সংবাদমাধ্যম ‘ডন’ এ প্রকাশিত এক প্রতিবেদনে  জানানো হয় তার এবং স্ত্রী বুশরা বিবির সাজা স্থগিত চেয়ে করা আবেদনের শুনানির দিন নির্ধারণ করেছে আদালত। ইসলামাবাদ হাইকোর্টে তাদের বিরুদ্ধে হওয়া ১৯ কোটি পাউন্ডের দুর্নীতি মামলার সাজা স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি আগামী ১১ মার্চ নির্ধারণ করেছে।

অন্যদিকে, পাকিস্তানি সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত ৩ মার্চ, ২০২৬ তারিখে ইসলামাবাদ হাইকোর্ট ইমরান এবং তার স্ত্রীকে একাধিক মামলায় শর্তসাপেক্ষ জামিন দিয়েছেন। তবে সর্বশেষ মার্চ, ২০২৬ পর্যন্ত দেশটিতে তার নামে অন্তত ১৮৮ টি মামলা রয়েছে। যদিও তার দলের দাবি ২ শতাধিক মামলা রয়েছে তার নামে। 

অর্থাৎ, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মুক্তি পাওয়ার দাবিটি সঠিক নয়। তিনি এবং তার স্ত্রীর নামে থাকা মামলাগুলোর মধ্যে কিছু মামলায় জামিন পেয়েছেন তিনি।