শিরোপার অর্থ ইসরায়েলী শিশুদের দানের ঘোষণা দেননি আর্জেন্টিনার প্রেসিডেন্ট

‘আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতলে শিরোপার অর্থ ইসরায়েলি শিশুদের জন্য উৎসর্গ করা হবে’—আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এমন বক্তব্য যুক্ত একাধিক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এছাড়াও দাবিটি বিশ্বাস করে ভিডিও বানিয়ে পোস্ট করেছেন নেটিজেনদের অনেকে।
এ সম্পর্কিত কিছৃু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
ছড়িয়ে পড়া পোস্ট গুলোর মন্তব্য পর্যালোচনা করে দেখা গেছে, অধিকাংশ ব্যবহারকারী দাবিটিকে সত্য বলে বিশ্বাস করেছেন। ফলে অনেকেই এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ধিক্কার এবং অনেকে আবার আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্দেশ্য করে নেতিবাচক কমেন্ট করেছেন। যেমন মোহাম্মদ শাহাদাৎ হোসেন নামে একজন লিখেছেন, ‘আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ শিরাপার টাকা ইজরা*য়েল শিশুদের জন্য দিবে। সেই আর্জেন্টিনা কে আমরা মুসলমান হয়ে সাপোর্ট করি,কেমন মুসলমান তাহলে আমরা।’
এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেখা গেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইয়েশিভা বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক ভাষণে নিজেকে ‘বিশ্বের সবচেয়ে বড় ইহুদিবাদী প্রেসিডেন্ট’ দাবি করেছেন মিলেই।
তবে প্রচারিত ফটোকার্ডটিতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের ছবি ও বক্তব্য জুড়ে দেওয়া হলেও এর কোনো তথ্যপ্রমাণ বা সূত্র উল্লেখ করা হয়নি। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাভিয়ের মিলেইয়ের পেজেও এ সম্পর্কিত কোনো পোস্ট পাওয়া যায়নি। আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমেও মিলেইয়ের এমন কোনো ঘোষণার প্রমাণ পাওয়া যায়নি।
অর্থাৎ, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই দেশটি বিশ্বকাপ জিতলে শিরোপার অর্থ ইসরায়েলি শিশুদের দেওয়ার ঘোষণা দেননি। তার বক্তব্য দাবিতে প্রচারিত পোস্টগুলো ভিত্তিহীন এবং বানোয়াট।
.png)





