logo

যুবলীগ নেত্রীকে বিএনপির নির্যাতন দাবিতে প্রচার হচ্ছে ভিন্ন নারীর ভিডিও

যুবলীগ নেত্রীকে বিএনপির নির্যাতন দাবিতে প্রচার হচ্ছে ভিন্ন নারীর ভিডিও
যুবলীগ নেত্রীকে বিএনপির নির্যাতন দাবিতে প্রচার হচ্ছে চুরির অভিযুক্ত ভিন্ন নারীর ভিডিও। ছবি : সংগৃহীত

‘কুড়িগ্রাম জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আয়সা সুলতানাকে বিএনপি নেতা কর্মী দ্বারা নি'র্মম নি'র্যাতন..সময় পরিবর্তনশীল মনে রাখবেন’ এবং ‘কুরিগ্রাম জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আয়েশা সুলতানাকে নি'র্মম নি'র্যাতন। মনে রেখো বাংলাদেশ ও বাংলার মানুষ, আওয়ামী লীগ করা কি অপরাধ? হীরক রাজার দেশে মদের রাজ্য, এর বিচার হবে ইনশাল্লাহ একদিন।’ এধরনের ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। একই ভিডিও ‘জুলাই সন্ত্রাসীদের’ হাতে আওয়ামী লীগ নেত্রীকে নির্যাতন দাবিতেও পোস্ট করতে দেখা গেছে।

এ ছাড়াও বিএনপি নেতাকর্মীরা চাঁদা না পেয়ে কুড়িগ্রাম জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আয়সা সুলতানার মাথার চুল কেটে নির্যাতন করেছে দাবিতেও প্রচার করা হয়েছে।

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। ভিন্ন জেলায় চুরির ঘটনার ভিডিওকে রাজনৈতিকভাবে প্রচার করা হচ্ছে এতে।

ফেসবুকে প্রচারিত ৬ সেকেন্ডের ভিডিওটিতে একজন নারীকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। প্রচারিত পোস্টগুলোতে নেটিজেনদের অনেকেই দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে। যেমন- শেখ হাসিনার নামে পরিচালিত একটি গ্রুপে ভিডিওটি পোস্ট করা হলে সেখানে মামুন দেওয়ান নামে একজন মন্তব্য করেছেন, ‘এই জানোয়ারদের বিচার এক দিন এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ।’ কাজী জসীমউদ্দিন নামে একজন মন্তব্য করেছেন, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাজনীতিটা রাজনীতির ভাষায় হওয়া উচিত। এগুলো যা করতেছে এগুলো অসুস্থ রাজনীতির অংশ।’

তবে প্রচারিত ভিডিওটির কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্রেম রিভার্স সার্চ করে ‘মহিলা চোরের কাণ্ডে হতবাক সবাই’ ক্যাপশনে ভিডিও এবং ছবিসহ একাধিক পোস্ট পাওয়া যায়। পোস্টগুলোর সূত্রে জানা যাচ্ছে, মানিকগঞ্জ জেলার শিবালয়ে একটি বাড়ি থেকে ২০ হাজার টাকা চুরি করার পর মহিলাটি গ্রামবাসীর কাছে ধরা পড়ে আলোচিত সে নারী। এ ছাড়াও ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে ঘটনাস্থলে উপস্থিত একজনকে বলতে শোনা যায় ‘অভিযুক্ত নারী ঘরে ঢুকে পড়েছিল’। এ ছাড়াও ভিডিওটিতে একজন প্রশ্ন করলে, অভিযুক্ত নারী নিজে মানিকগঞ্জে থাকেন বলে জানান।

অর্থ্যাৎ, ‘বিএনপি নেতাকর্মীরা চাঁদা না পেয়ে কুড়িগ্রাম জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আয়সা সুলতানার মাথার চুল কেটে নির্যাতন করেছে দাবিতে’ প্রচারিত ভিডিওটি আসলে কুড়িগ্রামেরই নয়। মূলত মানিকগঞ্জ জেলার শিবালয়ে চুরির অভিযোগে নারীর সঙ্গে হওয়া ঘটনাকে যুবলীগ নেত্রীকে নির্যাতন দাবিতে প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা।