Advertisement

এ ধরনের কোনো মন্তব্য করেননি লামিন ইয়ামাল

এশিয়া পোস্ট ডেস্ক
এ ধরনের কোনো মন্তব্য করেননি লামিন ইয়ামাল
স্প্যানিশ ফুটবল তারকা লামিন ইয়ামালের নামে ভুয়া ফটোকার্ড প্রচার। ছবি : ফেসবুক

‘দখলদার ইসরাইলের এক নম্বর বন্ধুরাষ্ট্র এবং চরম ইহুদিবাদী আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফুটবল ফাইনালে ফিলিস্তিনপন্থী স্পেনের বিজয় হবে ইনশা-আল্লাহ।’ স্পেন জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়ার লামিন ইয়ামাল এমন বক্তব্য দিয়েছেন দাবিতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। বিশ্বকাপ ফাইনালের আগমুহুর্তে দাবিটি বিশ্বাস করে প্রচার করতে দেখা গেছে অনেক নেটিজেনকে।

এ সম্পর্কিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে তার এমন বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি।

তার বক্তব্য দাবি করে প্রচারিত পোস্ট গুলোর মন্তব্য বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনদের অনেকে। রেড জুলাই নামে একটি গ্রুপে এ ধরনের একটি পোস্টে মো. লুৎফর রহমান নামে একজন মন্তব্য করেছেন, ‘আপনার কথার সঙ্গে আমি বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করছি। আর্জেন্টিনায় প্রায় ১৫ লাখ মুসলিম বসবাস করেন। সেখানে বড় বড় মসজিদ, মাদ্রাসা এবং ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। স্বাভাবিকভাবেই তারা তাদের নিজ দেশের নাগরিক, তাই তারাও চাইবেন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক।’

তবে প্রচারিত বক্তব্যটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ ধরনের কোনো বক্তব্য সম্বলিত সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক এবং ইনস্টাগ্রামে তার ভ্যারিফায়েড একাউন্টেও এ ধরনের কোনো পোস্ট পাওয়া যায়নি।

অর্থাৎ, স্প্যানিশ ফুটবল তারকা লামিন ইয়ামাল আর্জেন্টিনা বা বিশ্বকাপ ফাইনাল নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ব্যবহার করে এটি বানিয়ে ছড়ানো হয়েছে।

উল্লেখ্য যে, ২০২৬ বিশ্বকাপ ফাইনাল নিয়ে নেট দুনিয়ায় আর্জেন্টিনা ও স্পেনের রাজনৈতিক অবস্থান নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এর আগে ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে লিগ জয়ের উৎসবে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর কারণে তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন। অন্যদিকে আর্জেন্টিনার বর্তমান রাজনৈতিক নেতৃত্বের ইসরায়েলপন্থী অবস্থানের কারণে কিছু নেটিজেন এই ম্যাচকে কেন্দ্র করে 'ইসরায়েল বনাম ফিলিস্তিন' প্রক্সি লড়াই হিসেবে দেখানোর চেষ্টা করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

বিষয় :asiapost