পুলিশ-ছাত্রদলের হামলায় আহত দেখাতে চবিতে সংঘর্ষের পুরোনো ছবি প্রচার

এশিয়া পোস্ট ডেস্ক
পুলিশ-ছাত্রদলের হামলায় আহত দেখাতে চবিতে সংঘর্ষের পুরোনো ছবি প্রচার
পুলিশ-ছাত্রদলের হামলায় আহত দেখাতে চবিতে সংঘর্ষের পুরোনো ছবি প্রচার। ছবি : ফেসবুক

দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে গতকাল এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এরমধ্যে ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ছাত্রদল মিলে হামলা চালিয়েছে। অনেক ছাত্র গুরুতর আহত হয়েছে।’ এমন ক্যাপশনে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ছে।

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। বরং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের পুরোনো ছবি পোস্ট করে আলোচিত দাবিটি ছড়ানো হচ্ছে।

ফেসবুকে ‘আলী নূর’ নামে একটি প্রোফাইল থেকে দাবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়। এতে কয়েকজন ব্যাক্তি আহত অবস্থায় হাসপাতালের মেঝেতে শুয়ে আছে এমন একটি ছবি শেয়ার করে দাবিটি প্রচার করা হচ্ছে। ছবিটি উল্লিখিত প্রোফাইল থেকে বিভিন্ন গ্রুপে পোস্ট করতে দেখা গেছে। এতে দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে নেটিজেনদের অনেককে। যেমন: আলোচিত দাবিটি পিনাকি ভট্ট্যাচার্য নামে একটি গ্রুপে পোস্ট করা হলে সেখানে শাহরুখ খান নামে একজন মন্তব্য করেছেন, ‘আবার নতুন করে একটা জুলাই চাই আমার জনগণ সবাই আছি মাঠে নামবো ইনশাআল্লাহ।’

তবে প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে, গত বছরের (২০২৫ সালের ৩১ আগস্ট) বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত একটি সংবাদের সঙ্গে হুবহু মিলে যায়। সংবাদটির শিরোনামে জানানো হয়েছে, ‘চবি এলাকায় ১৪৪ ধারা জারি’। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, ‘সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ২০০ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের অধিকাংশ দেশীয় অস্ত্রের আঘাতে রক্তাক্ত হয়েছেন। সংঘর্ষ এখনও থামেনি, বরং অব্যাহত রয়েছে এবং আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।’

এর আগে, ২০২৫ সালের (৩০ আগস্ট) রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দারোয়ান কর্তৃক মারধরের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরদিন রবিবার সকাল থেকে একের পর এক সংঘর্ষে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।

অন্যদিকে, ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ছাত্রদল মিলে হামলা চালিয়েছে । অনেক ছাত্র গুরুতর আহত হয়েছে।’ এমন ক্যাপশনে প্রচারিত ছবিটি গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে আহতদের।

এ ছাড়াও প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ-ছাত্রদল মিলে হামলায় আহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি। অর্থাৎ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহতদের গতবছরের ছবি আজকের দাবিতে প্রচার করা হচ্ছে।

বিষয় :asiapost