পথনাটকে অভিনয়ের দৃশ্যকে হিন্দু নির্যাতন দেখিয়ে বাংলাদেশ দখলের হুমকি ভারতীয়দের

এশিয়া পোস্ট ডেস্ক
পথনাটকে অভিনয়ের দৃশ্যকে হিন্দু নির্যাতন দেখিয়ে বাংলাদেশ দখলের হুমকি ভারতীয়দের
পথনাটকে অভিনয়ের দৃশ্যকে হিন্দু নির্যাতন দেখিয়ে বাংলাদেশ দখলের হুমকি ভারতীয়দের। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভেরিফাইড অ্যাকাউন্টসহ বেশ কিছু ভারতীয় আইডি থেকে একটি ভিডিও প্রচার করা হয়। ভিডিওটিতে বাংলাদেশে হিন্দু নারীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনার অজুহাতে অবিলম্বে বাংলাদেশে সামরিক হামলা চালিয়ে একে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ভারতের সাথে যুক্ত করার উসকানিমূলক আহ্বান জানানো হয়।

Advertisement

দেখুন এখানে এবং এখানে

তবে যাচাইয়ে দেখা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশে সাম্প্রদায়িক নির্যাতনের ভিডিও নয়। ২০২৪ সালের মার্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মশাল মিছিল ও পথ নাটক আয়োজন করে। এটি সেই ঘটনার দৃশ্য। এর আগেও কয়েকবার এই ভিডিওকে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রমাণ হিসেবে প্রচার করছে ভারতীয়রা।

২০২৪ সালের ৭ আগস্ট ‘SK Chakraborty (@sanjoychakra)’ নামক একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়েছিল যে, ইসলামপন্থীরা এক নিষ্পাপ নারীকে অপহরণ করে বেঁধে রেখেছে। তবে ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৭ মার্চ প্রকাশিত প্রতিদনে একই দৃশ্য পাওয়া যায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শান্তি চত্ত্বরে মশাল মিছিল, আলোক প্রজ্বলন ও পারফরম্যান্স আর্ট (পথ নাটক) প্রদর্শন করে।

এছাড়াও, দৈনিক ইত্তেফাক, বিবিসি বাংলায় এ সংক্রান্ত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

২০২৪ সালে জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে অনলাইনে এই ভিডিওকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেত্রীকে হেনস্তার দাবিতে ছড়ালে সেসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ফেসবুক পেজ JnU Short Stories এ একটি পোস্টে উল্লেখ করা হয়, মেয়েটি জবির একজন সাধারণ ছাত্রী, তিনি পথনাটকে অংশগ্রহণ করেছেন এবং সম্পূর্ণ একটি মিথ্যা গুজবের শিকার হয়ে সে চরম মানসিক ট্রমা ও আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে।

পরবর্তীতে ৩১ জুলাই TheNews24 নামক একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ভিডিওতে থাকা শিক্ষার্থীর নাম ‘তৃষ্ণা’, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের সংগীত বিভাগের শিক্ষার্থী। তৃষ্ণা TheNews24কে জানান, “এই ভিডিওটিতে আমি অভিনয় করেছি। অবন্তিকা আপুর মৃত্যুর বিচার চেয়ে মোমবাতি প্রজ্বলনের দিন একটি পথ নাটকে অভিনয়ের দৃশ্য এটি। এ ঘটনার (অনলাইনে ভিন্ন দাবিতে ছড়িয়ে পড়া) পর আমার আত্মীয় ও পরিচিতরা আমাকে ফোন দিয়ে ঘটনা জানতে চেয়েছেন। ওনারাও এটাকে নির্যাতনের ঘটনা ভেবেছিলেন।“

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ মার্চ নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ২০১৭–১৮ সেশনের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং এক সহপাঠীর বিরুদ্ধে মামলা হয়। তাদের বিচারসহ আত্মহত্যায় যেন আর কেউ মারা না যায় সেজন্য বিভিন্ন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে সেই সময় পথ নাটকে অংশ নিয়েছিলেন শিক্ষার্থী তৃষ্ণা।

তথ্যসূত্র : দ্য ডিসেন্ট

বিষয় :asiapost