logo

‘বিএনপি আওয়ামী লীগের মতো রূপ ধারণ করেছে’—এমন বক্তব্য দেননি আসিফ

‘বিএনপি আওয়ামী লীগের মতো রূপ ধারণ করেছে’—এমন বক্তব্য দেননি আসিফ

‘ভোট জালিয়াতি দেখে মনে হচ্ছে বিএনপি আওয়ামী লীগের মতো রূপ ধারণ করেছে’—বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবর এমন মন্তব্য করেছেন দাবি করে একাধিক ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। এ সম্পর্কিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

ছড়িয়ে পড়া ফটোকার্ডগুলোতে দেখা যায়, আসিফ আকবরের ছবির সঙ্গে তার বক্তব্য লেখা হয়েছে, ‘ভোট জালিয়াতি দেখে মনে হচ্ছে বিএনপি আওয়ামী লীগের মতো রূপ ধারণ করেছে’। ফেসবুকে ‘আরিফ হাসান’ নামে একটি প্রোফাইলে ছবিটিতে সাড়ে ৮ হাজারের কাছাকাছি প্রতিক্রিয়ার পাশাপাশি ১ হাজার ৬ শতাধিক বার শেয়ার করা হয়েছে। এ ছাড়াও পোস্টটিতে সাড়ে ৭ শতাধিক মন্তব্য পড়েছে।

সেখানে নেটিজেনদের অনেকেই দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানিয়েছেন। যেমন হাসান রানা নামে একজন মন্তব্য করেছেন, ‘আসিফ ভাই আপনি কি এখন বুজলেন দুই সাপের একই বিশ।’ মাহমুদ হাসান নামে অন্য একজন লিখেছেন, ‘আসিফ আকবর, তুমি গান নিয়েই থাকো, রাজনীতিতে এসো না বাছা!’ 

তবে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোতে আসিফ আকবরের এমন মন্তব্য সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার ব্যাক্তিগত প্রোফাইল এবং পেইজেও দাবিটির পক্ষে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বরং প্রচারিত দাবিটির প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট পাওয়া যায়। এতে আসিফ আকবর জানান, ‘নিয়মিত অসত‍্য চর্চায় এসব মিথ‍্যা খবর একসময় সত‍্য হয়ে যায়, যেটা সিভিল লাইফকে বিব্রত করে। পরিবার আর  শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে এই গুজবগুলো মানুষকে জানানোর প্রয়োজন মনে করলাম।’

সুতরাং ‘ভোট জালিয়াতি দেখে মনে হচ্ছে বিএনপি আওয়ামী লীগের মতো রূপ ধারণ করেছে’। বিসিবি পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবর এমন মন্তব্য করেছেন দাবি করে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। এমন কোনো বক্তব্য দেননি তিনি।