logo

নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যার ঘটনায় তারেক রহমানের কণ্ঠ নকল করে তৈরি ডিপফেক অডিও প্রচার

নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যার ঘটনায় তারেক রহমানের কণ্ঠ নকল করে তৈরি ডিপফেক অডিও প্রচার
নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যার ঘটনায় তারেক রহমানের কণ্ঠ নকল করে তৈরি ডিপফেক অডিও প্রচার। ছবি : ফেসবুক পোস্টের স্ক্রিনশট

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যার ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানে একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এতে আলোচিত সে হত্যার ঘটনায় নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজকে দলীয় কার্যক্রম ও সংসদসদস্য পদ থেকেও বহিষ্কারের ঘোষণা দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। তবে এশিয়া পোস্টের অনুসন্ধানে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। বরং তার কণ্ঠ এআই এর সহায়তায় নকল বা ডিপফেক অডিও যুক্ত করার প্রমাণ পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইংরেজিতে লেখা ইউনাইটেড জাতীয়তাবাদী ছাত্রদল (United Jatiyatabadi Chhatra DaL) নামে একটি একাউন্ট থেকে ভিডিওটি সর্বপ্রথম (২৮ অক্টোবর, সন্ধ্যা ৭ টা) পোস্ট করতে দেখা যায়। পোস্টটির ক্যাপশনে ইংরেজিতে লেখা হয়েছে, ‘I am truly devastated today; Shakil Islam—a leader within our own organization, the Chhatra Dal, serving as the Member Secretary of the Rudaspur City unit—has been brutally and calculatedly murdered.’। পোস্টটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ লক্ষাধিকবার ভিউ হওয়ার পাশাপাশি ৪০ হাজারের বেশি প্রতিক্রিয়া আসতে দেখা গেছে। পাশাপাশি পাঁচ হাজারের বেশিবার পোস্টটি পুনরায় শেয়ার করতে দেখা গেছে। এছাড়াও এর মন্তব্যের ঘরে দেড় হাজারের বেশি নেটিজেনকে মন্তব্য করতে দেখা গেছে, যাদের বেশিরভাগকেই বক্তব্যটি আসল হিসেবে বিশ্বাস করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতেও দেখা গেছে।

প্রচারিত দাবিটির সত্যতা যাচাইয়ে আমরা ভিডিওটি এআই সৃষ্ট কন্টেন্ট শনাক্তকরণ সাইট হাইভ ডিটেক্টে আপলোড করি। এতে এর অডিও অংশের ৯৫ শতাংশের বেশি এআই সৃষ্ট বলে জানানো হয়। এআই প্রযুক্তি ব্যবহার করে কোনো ব্যক্তির কণ্ঠ হুবহু নকল করে এমন কিছু বলানো হয় যা তিনি বাস্তবে বলেননি, তখন তাকে অডিও ডিপফেক বলে।

অন্যদিকে, প্রচারিত ভিডিওটিতে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার সময় তার মুখের অভিব্যক্তি, ঠোঁটের নড়াচড়া তার বক্তব্য দাবি করা অডিও অংশের সঙ্গে অমিল থাকতে দেখা যায়। ভিডিওটির একাধিক গুরুত্বপূর্ণ ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের সময়ের ফুটেজের সঙ্গে মিল পাওয়া যায়। অন্যদিকে দাবিটির সঙ্গে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জানা যাচ্ছে, ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যার ঘটনাপ্রবাহ এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দাবিতে করা পোস্টের সময়ে প্রধানমন্ত্রী জাপান সফরে রয়েছেন। সফর শেষে তার দেশে ফেরার কথা রয়েছে আজ (২৯ অক্টোবর, রাতে)। এছাড়াও সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে প্রধানমন্ত্রীর এ ধরনের কোনো বক্তব্য দিয়েছেন তার পক্ষে তথ্য-প্রমাণ পাওয়া যায়না। সুতরাং স্পষ্টতই প্রচারিত ভিডিওটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের সঙ্গে এআই সৃষ্ট ডিপফেক অডিও যুক্ত করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।