৮০ শতাংশ জনগণ ভোট বর্জন করেছে দাবি করে ভুয়া ফটোকার্ড প্রচার

‘৬০ শতাংশ নয়, প্রায় ৮০ শতাংশ জনগণ ভোট বর্জন করেছে’ দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হচ্ছে। এ ধরনের কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, ইনফোবাংলা নামে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট একটি ফেসবুক পেজ থেকে ফটোকার্ডটি সর্বপ্রথম পোস্ট করা হয়েছে। এতে ব্যালট বক্সের ছবির নিচে দাবিটি বসানো হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে অন্তত দেড় হাজারের বেশি প্রতিক্রিয়া পড়তে দেখা গেছে। পাশাপাশি পোস্টটি ৪ শতাধিক বার শেয়ার হতে দেখা গেছে। এছাড়াও আরও বেশ কয়েকটি প্রোফাইল থেকেও একই ধরনের দাবিতে পোস্ট করতে দেখা গেছে।
তবে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে সংবাদমাধ্যমগুলোতে দাবিটির পক্ষে যায় এমন কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ সংবাদ সংস্থায় ‘পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ৮০.১১ শতাংশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এছাড়াও বিবিসি বাংলায় ‘সবচেয়ে কম ও বেশি ভোট পড়েছিল কোন কোন নির্বাচনে?’ শিরোনামে প্রকাশিত ভিন্ন একটি প্রতিবেদন প্রকাশ হয়।
নির্বাচন কমিশনের বরাতে সংবাদমাধ্যমটি এতে উল্লেখ করে, বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে দুপুর ২টা পর্যন্ত দেশের ৩৬ হাজার ৩১টি ভোটকেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়ে। তবে শেষ পর্যন্ত সর্বমোট কত শতাংশ ভোট পড়েছে, তা জানায়নি নির্বাচন কমিশন।