অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণেই প্যানেল ডিসকাশনে অংশ নেন হাসনাত-সাদিক

এশিয়া পোস্ট ডেস্ক
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণেই প্যানেল ডিসকাশনে অংশ নেন হাসনাত-সাদিক
শিবির ও এনসিপি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করে অক্সফোর্ড ইউনিয়নের ডিবেটিং চেম্বার ভাড়া নিয়েছে দাবিতে প্রচার। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম গত ১৪ জুন যুক্তরাজ্যের বিখ্যাত বিতর্ক সংগঠন অক্সফোর্ড ইউনিয়নে আয়োজিত একটি বিশেষ প্যানেল আলোচনায় বক্তা হিসেবে অংশ নেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পেজ এবং প্রোফাইল থেকে দাবি করা হচ্ছে, “শিবির ও এনসিপি নিজেরা নিজেদের লোক দিয়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করে ভাড়া নিয়েছে অক্সফোর্ড ইউনিয়নের ডিবেটিং চেম্বার।”

Advertisement

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দেখা গেছে তাদের প্রচারিত দাবিটি সঠিক নয়। বরং ‘গত ১৪ জুন অনুষ্ঠিত আলোচনা সভাটি ‘দ্যা অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটি’ এবং ‘অক্সফোর্ড বাংলা সোসাইটি’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।

যাচাইয়ে দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে ‘Shafquat Rabbee Anik’ নামে একটি প্রোফাইল থেকে করা গত ১৫ জুনের একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক শীর্ষ নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে অক্সফোর্ড ইউনিয়নের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্রের একটি ছবি যুক্ত করা হয়। দেখুন এখানে। চিঠিটিতে তাকে "দ্য জুলাই রেভোলিউশন অ্যান্ড দ্য রিটার্ন অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ" শীর্ষক প্যানেল আলোচনাটির একজন সম্মানিত বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

এছাড়াও সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চে সামাজিক মাধ্যম ইনস্টাগ্র্রামে ‘অক্সফোর্ড ইউনিয়ন’র ভ্যারিফায়েড প্রোফাইলেও এ সম্পর্কিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে মোট ৭টি ছবি যুক্ত করা হয়। যেখানে ডাকসু ভিপি সাদিক কায়েম, অন্তর্বর্তী সরকারের গুম অনুসন্ধান কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস এবং প্রফেসর ড. আলিয়ার হোসেনের ছবিসহ অনলাইন আমন্ত্রণপত্র পোস্ট করা হয়।

অর্থাৎ, “শিবির ও এনসিপি নিজেরা নিজেদের লোক দিয়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করে অক্সফোর্ড ইউনিয়নের ডিবেটিং চেম্বার ভাড়া নিয়েছে” উল্লেখ করে প্রচারিত দাবিটি সঠিক নয়। ‘দ্যা অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটি’ এবং ‘অক্সফোর্ড বাংলা সোসাইটি’র আমন্ত্রণেই হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েম গত ১৪ জুন আয়োজিত প্যানেল ডিসকাশনটিতে অংশ নেন।

বিষয় :asiapost