মির্জা ফখরুলের অফিসে জিয়া এবং শেখ মুজিবের ছবি টাঙিয়েছেন দাবিতে সম্পাদিত ছবি প্রচার

‘সংবিধান অনুযায়ী সকল সরকারি অফিস আদালত দপ্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর ভাইয়ার ছবি টাঙানো বাধ্যতামূলক। সেই সংবিধান মনে প্রাণে ধারণ করা আলমগীর ভাইয়া তার অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ভাইয়ার ছবি টাঙিয়েছে এবং পাশাপাশি বিএনপির জাতির পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিও টাঙিয়েছে।’ এমন ক্যাপশনে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দপ্তরের একটি ছবি ছড়িয়ে পড়েছে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে জানা গেছে, রিয়াজ মাহমুদ নামে একটি প্রোফাইল থেকে ছবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, পোস্টটিতে ২ হাজার ৮ শতাধিক প্রতিক্রিয়ার পাশাপাশি দেড় শতাধিক মন্তব্য পড়েছে।
যাচাইয়ে মির্জা ফখরুলের ভ্যারিফায়েড প্রোফাইলে ছবিটির সঙ্গে মিল আছে এমন একটি পোস্ট পাওয়া যায়। এতে দেখা যায়, শুধুমাত্র পেছনে থাকা শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের ছবি ছাড়া ফ্রেমের অন্যান্য উপাদানগুলো হুবহু মিলে যায়।
অন্যদিকে, একাধিক এআই কনটেন্ট শনাক্তকরণ সাইটে আপলোড করে ছবিটিতে আংশিক এআইয়ের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। সিন্থ-আইডি জানিয়েছে ছবিটির কিছু উপাদানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ছোঁয়া রয়েছে। তবে প্রচারিত ছবিটিতে মির্জা ফখরুলের পেছনে থাকা বিতর্কিত অংশটি ক্রপ করে হাইভমডারেশনে আপলোড করলে এর ৮২ শতাংশের বেশি এআই বলে জানা গেছে।
অর্থ্যাৎ, সংবিধান মেনে মির্জা ফকরুল ইসলাম আলমগীর তার অফিসে, জিয়াউর রহমান এবং শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়েছেন দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত। নিজের ভ্যারিফায়েড অ্যাকাউন্টে পোস্ট করা ছবি এআইয়ের সহায়তায় সম্পাদনা করে ছবিটি বানানো হয়েছে।