আবাসিক এলাকায় বিদ্যুতের দাম ৭০ শতাংশ বাড়ানোর দাবিটি ভুয়া

নতুন করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বর্তমান সরকার। এ দফায় ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হলেও লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম। এরমধ্যে সরকার আবাসিক এলাকায় বিদ্যুতের দাম ৭০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে দাবি করে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
ফেসবুকে গাজীপুর সিটি করপোরেশেনের সাবেক মেয়র ‘অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম’র নামে পরিচালিত একটি পেজ থেকে দাবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ৩ শতাধিক প্রতিক্রিয়া আসতে দেখা গেছে।
তবে দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে এসম্পর্কিত কি-ওয়ার্ড সার্চে ‘বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব’ শিরোনামে একটি সংবাদ পাওয়া যায়। এ ছাড়াও এ সম্পর্কিত আরও সংবাদ দেখুন এখানে এবং এখানে। তবে সংবাদ গুলো পর্যবেক্ষণ করে আবাসিক এলাকায় বিদ্যুতের দাম ৭০ শতাংশ বাড়ানোর প্রস্তাব সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সংবাদ সূত্রে জানা গেছে ৭৭ শতাংশ বিদ্যুৎ গ্রাহকই পল্লী বিদ্যুৎ সমতির মাধ্যমে বিদ্যুৎ পাওয়া আবাসিক গ্রাহক। সার্বিকভাবে বিদ্যুতের দাম ৭ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। তবে এবার লাইফ লাইন বা গরিবের জন্য বিদ্যুৎ বিলের স্তরে কোনো পরিবর্তন হচ্ছে না। আগের মতোই রাখা হচ্ছে।
অর্থ্যাৎ, সরকার আবাসিক এলাকায় বিদ্যুতের দাম ৭০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়ার দাবিটি মিথ্যা।